ডেঙ্গুতে আরও সাত মৃত্যু, একদিনে ভর্তি ২,২৪৯ জন

সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের করুণ মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে দুই হাজার ২৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তির নতুন রেকর্ড। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪ জনে।

এর আগে গত ১১ অক্টোবর এক দিনে সর্বোচ্চ ২ হাজার ১৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যা এতদিন বছরের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড ছিল।

রোববার, স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত হালনাগাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকার উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ২২৭ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ২০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগে চিকিৎসা নিচ্ছেন ৬০৫ জন।

ঢাকার বাইরে বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২৯৭ জন রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগে ২২৪, চট্টগ্রামে ২১৭, বরিশালে ২১১১, ময়মনসিংহে ১৫৫, রংপুরে ৮২ এবং সিলেট বিভাগে ৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে এবং মে মাসে একজন ডেঙ্গুতে মারা যান। এরপর জুন থেকে সংক্রমণ ও মৃত্যু দ্রুত বাড়তে শুরু করে- জুন মাসে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ এবং সেপ্টেম্বরে সর্বাধিক ১৪৮ জনের মৃত্যু হয়। চলতি অক্টোবর মাসের ২৫ দিনেই মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৯ জনে।

অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জন। তাঁদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৪০০ জন সুস্থ হয়ে ইতিমধ্যেই ছাড়পত্র পেয়েছেন। আক্রান্ত ও মৃতের লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ভর্তি রোগীদের মধ্যে ৬২ দশমিক ১ শতাংশ পুরুষ হলেও ডেঙ্গুতে মৃত ব্যক্তিদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি—প্রায় ৫২ দশমিক ৮ শতাংশ।