৩৮ দেশে পৌঁছেছে ওমিক্রন, কোনো মৃত্যু নেই: ডব্লিউএইচও

বিশ্বের ৩৮ দেশে শনাক্ত হয়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। তবে এখন পর্যন্ত এই ধরনে আক্রান্ত কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 

শুক্রবার (৩ ডিসেম্বর) করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এসব তথ্য জানিয়েছে।

ডব্লিউএইচও বলছে, ওমিক্রন ধরনের সংক্রমণে এখনো কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে সংস্থাটির শঙ্কা, আগামী কয়েক মাসের মধ্যে ইউরোপে মোট কোভিড সংক্রমণের অর্ধেকই হতে পারে ওমিক্রনের কারণে।

এমন পরিস্থিতিতে ওমিক্রনের বিস্তার ঠেকাতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে বিশ্বের একাধিক দেশ। খবর আল-জাজিরার। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন বলছেন, কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে বিশ্বের আতঙ্কিত না হয়ে প্রস্তুত থাকা উচিত। 

আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিষয়ক প্রধান মাইক রায়ান বলেছেন, কোভিড মোকাবেলায় বিশ্বের হাতে এখন ‘খুবই কার্যকর ভ্যাকসিন’ আছে, এবং আরও ব্যাপকভাবে সেসব ভ্যাকসিন বিতরণের দিকেই সবার মনোযোগ থাকা উচিত। 

এরইমধ্যে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় স্থানীয়ভাবে ওমিক্রনে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। করোনার নতুন ধরনটির প্রকোপে দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ৩০ লাখ ছাড়িয়েছে।

আরও পড়ুন: করোনায় মৃত্যু ছাড়াল সাড়ে ৫২ লাখ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা শুক্রবার এক সাক্ষাৎকারে বলেন, ডেলটার মতো ওমিক্রন ধরনের কারণে বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারের গতি কমবে।

ওমিক্রন নিয়ে দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীদের প্রাথমিক একটি গবেষণায় দেখা গেছে, ডেলটা ও বেটা ধরনের তুলনায় ওমিক্রনের পুনরায় সংক্রমিত করার ক্ষমতা তিন গুণ বেশি। করোনায় আক্রান্ত ব্যক্তির শরীরে গড়ে ওঠা প্রতিরোধ ব্যবস্থা ভেঙে দেওয়ার সক্ষমতা রয়েছে নতুন ধরনটির, এমনটাই বলছেন তারা।  



একাত্তর/আরবিএস