মিয়ানমারের সাগাইং নামের একটি গ্রামে ১৩ জনকে গুলি করার পর ১১ জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে দেশটির সেনা সদস্যদের বিরুদ্ধে। খবর বিবিসির।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারে সেনা অভ্যুথানের পর থেকেই এর বিরোধিতা করে দেশটিতে গড়ে ওঠা গ্রামটির মিলিশিয়া বাহিনী সেনাবাহিনীর ওপর অন্তত দুইবার বোমা হামলা করে।
পরে মঙ্গলবার সকালের দিকে সেনারা তাদের ধরতে অভিযান চালিয়ে গ্রাম থেকে পাঁচজন কিশোরসহ মোট ১১জনকে একত্রিত করে বেলা ১১টার দিকে গুলি চালায় সেনারা। তারপর তাদের গায়ে আগুন লাগিয়ে দেয়।
শরীরে আগুন দেওয়ার সময়ও কয়েকজন জীবিত ছিলেন বলে জানায় স্থানীয়রা। যাদের হত্যা করা হয়েছে তারা মিলিশিয়া সদস্য না সাধারণ নাগরিক তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সেনা অভ্যুথানের পর মিয়ানমারে বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে গঠিত জাতীয় ঐক্য সরকার (এনইউজি) নিহত ১১ জনের একটি তালিকা প্রকাশ করেছে। তাদের দাবি, ১৪ বছরের এক কিশোরসহ আরও ৫ কিশোরের সবাইকে জীবিত অবস্থায় আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে প্রায় আড়াই লাখ ব্রিটিশ বাংলাদেশি
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। এছাড়া মিয়ানমার নাউয়ের মতো কিছু পোর্টালে ঘটনার ছবিও প্রকাশ করা হয়েছে।
তবে এ বিষয়ে সামরিক সরকারের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চিকে উৎখাতের মাধ্যমে মিয়ানমার সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে সংঘাত-সংঘর্ষ লেগেই আছে। সেনাবিরোধিতায় তৈরি হয়েছে পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) নামে মিলিশিয়া। এদিকে, উস্কানি দেয়া ও কোভিড-১৯ বিধিমালা অমান্য করার অপরাধে চলতি সপ্তাহে শুরুর দিকে মিয়ানমারের একটি আদালত সু চিকে দু ‘বছরের কারাদণ্ড দেয়।
একাত্তর/টিএ