ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের কথিত মাদকবিরোধী যুদ্ধের ঘটনা তদন্তে রয়টার্সকে সহায়তাকারী সাংবাদিক জিযাস মালাবানান আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। ওই প্রতিবেদের জন্য সাংবাদিকতার সর্বোচ্চ পুরস্কার পুলিৎজার পায় রয়টার্স।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ফিলিপাইন পুলিশের সদর দপ্তর জানায়, বুধবার সন্ধ্যায় সামার প্রদেশের কালবাযোগ শহরে পারিবারিক দোকানে বসে টেলিভিশন দেখার সময় দুই মোটরসাইকেল আরোহী আততায়ী জিযাসের মাথায় গুলি করে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ হওয়ার পর সেন্ট ক্যামিলাস হাসপাতালে নেয়ার পথে জিযাসের মৃত্যু হয়।
আরও পড়ুন: সৌন্দর্য প্রতিযোগিতায় ৪৩ উট অযোগ্য ঘোষণা!
এর আগে পুলিশ জানিয়েছিল, নিজ বাড়ীতে খুন হন তিনি।
পুলিশের প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাত দুই ব্যক্তি এ হত্যাকাণ্ডে অংশ নেয়। তাদের কাউকে গ্রেপ্তার করা যায়নি।
জিযাসের এক সহকর্মী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে জিযাসকে তার কাজ নিয়ে হুমকি দেওয়া হয়ে আসছিল। তবে, হুমকির ধরণ সম্পর্কে তিনি কখনও বিস্তারিত কিছু বলেননি।
উল্লেখ্য, ২০১৬ সালে ফিলিপাইনের ক্ষমতায় আসেন দুতার্তে। তার শাসনামলে অন্তত ২২ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
একাত্তর/এসজে