৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ ভারতের আন্তর্জাতিক ফ্লাইট

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) জারি করা নতুন নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

পণ্যবাহী বিমান চলাচলে কোনো বাধা নেই উল্লেখ করে নির্দেশনায় বলা হয়, ‘এয়ার বাবলে’ চলা বিমানও আটকানো হবে না।

বর্তমানে আমেরিকা, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরশাহী, কেনিয়া, ভুটান, ফ্রান্স ও বাংলাদেশসহ আরও ৩১ টি দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তিতে আছে ভারত।

করোনার সংক্রমণ কমে আসায় ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিলেও নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ভারত সরকার।

আরও পড়ুন: বাবা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

মহামারির কারণে প্রায় দু’বছর ধরে স্থগিত করা হয় ভারতের আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। কিছুদিন পর শর্তসাপেক্ষে কয়েকটি দেশের সঙ্গে ফ্লাইট যোগাযোগ চালু হয়।

প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া নতুন ভ্যারিয়েন্ট নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা না গেলেও একে অতি সংক্রামক বলে আখ্যায়িত করেছে একাধিক বৈশ্বিক সংস্থা।


একাত্তর/টিএ