ডিম ফুটে বেরিয়ে আসার অপেক্ষায় থাকা নিখুঁতভাবে সংরক্ষিত একটি ডায়নোসরের ভ্রূণ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। চীনের গাংঝু প্রদেশে এটি পাওয়া গেছে।
প্রত্নতাত্ত্বিকরা ধারণা করছেন, ভ্রূণটির বয়স প্রায় ছয় কোটি ৬০ লাখ বছর। এটি একটি দাঁতহীন থেরোপড বা অভির্যাপটোরোসর ডায়নোসরের ভ্রূণ। এর নাম দেওয়া হয়েছে বেবি ইংলিয়াং।
গবেষক ড. ফিওন ওয়াইসাম মা জানিয়েছেন, এখন পর্যন্ত পাওয়া সব ডায়নোসরের ভ্রূণের মধ্যে এটিই সেরা।
বিজ্ঞানীরা বলছেন, এই আবিষ্কারের মাধ্যমে ডায়নোসর এবং আধুনিক পাখির মধ্যে সম্পর্ক আরও ভালোভাবে বোঝা যাবে। ডিমের মধ্যে ভ্রূণটি কিছুটা কোঁকড়ানো অবস্থায় ছিল, যাকে 'টাকিং' বলা হয়। পাখির ডিম থেকে বাচ্চা ফোটার আগেও ভ্রূণ এই অবস্থানে থাকে।
ডা. মা বলেন, এর থেকে বোঝা যায় যে আধুনিক পাখির এই বৈশিষ্ট্যটি তাদের ডায়নোসর পূর্বসূরিদের মধ্যে প্রথম বিবর্তিত হয়।
আরও পড়ুন: কোটি টাকায় বিক্রি হলো বিশ্বের প্রথম এসএমএস
বেবি ইংলিয়াং এর মাথা থেকে লেজ পর্যন্ত দৈর্য্য ১০.৬ ইঞ্চি। এটি ৬.৭ ইঞ্চি দীর্ঘ একটি ডিমের মধ্যে সংরক্ষিত ছিল। বর্তমানে এটিকে চীনের ইংলিয়াং স্টোন নেচার হিস্টোরি মিউজিয়ামে রাখা হয়েছে।
ডিমটি প্রথম পাওয়া যায় ২০০০ সালে। কিন্তু দশ বছর ধরে এটিকে সংরক্ষণ করে রাখা হয়েছিল। জাদুঘরের নির্মাণকাজ শুরুর পর বিজ্ঞানীরা সন্দেহ করেন যে ডিমটির ভেতরে একটি ভ্রূণ রয়েছে।
ডাইনোসরটির শরীরের অংশবিশেষ এখনও পাথরে ঢাকা রয়েছে। বিজ্ঞানীরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে এটির পূর্ণ অবয়ব তৈরির চেষ্টা করবেন।
অভির্যাপটোরোসরেরা 'ডিম চোর গিরগিটি' নামে পরিচিত। ক্রাটেশাস পর্বের শেষদিকে এশিয়া এবং উত্তর আমেরিকায় পালকযুক্ত এসব ডায়নোসরের বসবাস ছিল।