জিহাদে উস্কানি দেওয়ায় ফ্রান্সে মসজিদ বন্ধ

ঘৃণা ও বিদ্বেষমূলক বার্তা ছড়িয়ে জিহাদে উস্কানি দেওয়ার অভিযোগে ফ্রান্সের একটি মসজিদ ছয় মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের ওয়াজ নামক অঞ্চলের ব্যভেই শহরের একটি মসজিদের ইমাম তার বক্তব্যে 'জিহাদ'কে উস্কে দিয়ে সহিংসতা ছড়িয়েছেন। তাই ওই মসজিদের কার্যক্রম আগামী ছয় মাসের জন্য বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে শহর কর্তৃপক্ষ।

এ সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানাতে মসজিদ কর্তৃপক্ষকে ১০ দিন সময় দেওয়া হয়েছে। 

এএফপি'র বরাতে জানা গেছে, মসজিদের ওই ইমাম সম্প্রতি ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন। তার বক্তব্যে তিনি জিহাদিদের 'বীর' উপাধি দেন। 

তবে, ইমামের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন মসজিদ পরিচালনা কমিটির একজন আইনজীবী। তাকে ইমামের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ওই আইনজীবী। 

আরও পড়ুন: ওমিক্রন আতঙ্কে বিশ্বব্যাপী সাড়ে ১১ হাজার ফ্লাইট বাতিল

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানিয়েছেন, ওই ইমাম তার বক্তব্যে 'ইসলামের কঠোর চর্চা' করতে বলেন ও ইসলামি বিধান রাষ্ট্রের আইনের উর্ধ্বে বলে আখ্যা দেন। 

২০২০ সালের অক্টোবরে ফ্রান্সের একটি ক্যাথিড্রালে ইসলামি চরমপন্থিদের হামলার শিকার হন তিনজন। এরপর থেকে ধর্মীয় সহিংসতা ছড়ানোর সন্দেহে প্রায় একশ' মসজিদের ওপর তদন্ত চালিয়েছে দেশটির সরকার। 

দুই সপ্তাহ আগে খ্রিস্টান ধর্মাবলম্বী, ইহুদি ও সমকামীদের টার্গেট করে ঘৃণামূলক বক্তব্য দেয়ায় ব্যভেইয়ের মসজিদটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। 


একাত্তর/এসজে