যে কোন সময় ইউক্রেনে হামলা হতে পারে: ব্লিনকেন

ইউক্রেন সীমান্তে সামরিক শক্তি বাড়িয়ে চলছে রাশিয়া এমন দাবি করে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, যে কোনো সময় দেশটিতে হামলা চালাতে পারে মস্কো।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা রাশিয়ার শক্তিবৃদ্ধির কিছু উদ্বেগজনক কর্মকাণ্ড দেখতে পাচ্ছি। ইউক্রেন সীমান্তে রাশিয়ার নতুন বাহিনী জড়ো হচ্ছে। 

তিনি আরো বলেন, আমরা এমন এক জায়গায় আছি, যেখানে যে কোনো সময় আগ্রাসন শুরু হয়ে যেতে পারে। বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকস চলার এই সময়েও তা হতে পারে।

ব্লিনকেন জানান, সবার ধারণা অলিম্পিক চলার সময় ইউক্রেনে হামলা চালিয়ে চীন থেকে বিশ্বের মনোযোগ অন্যদিকে সরাবে না মস্কো। 

সে ধারণা উড়িয়ে দিয়ে ব্লিনকেন বলেন, অলিম্পিকের সময় হামলা হতে পারে। এ পরিস্থিতিতে ৪৮ ঘন্টার মধ্যে মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়ার আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র। 

এদিকে একই ঘোষণা দিয়েছে কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, লাটভিয়া এবং এস্তোনিয়া সরকার।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের আশঙ্কা আন্তর্জাতিক নিয়ম ভিত্তিক শৃঙ্খলাকে হুমকির মুখে ফেলেছে। 

এরকম কর্মকাণ্ডের শাস্তি না হলে, তা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অনর্থ ডেকে আনতে পারে। এই অনর্থ বলতে চীনের তাইওয়ানে আগ্রাসন চালানোর হুমকির দিকেই ইঙ্গিত করেছেন ব্লিনকেন।

আন্তর্জাতিক নীতিমালায় চ্যালেঞ্জের ক্ষেত্রে ছাড় দেয়া হলে তার প্রভাব এখনও পড়বে জানিয়ে ব্লিনকেন বলেন, অন্যরা আমাদেরকে দেখছে। আমরা কী করি তা দেখার অপেক্ষায় সবাই।


একাত্তর/এআর