ছবি: ফ্রিগেট সাপোস্নিকভ (ফাইল ছবি)
রুশ জলসীমায় একটি মার্কিন পারমাণবিক সাবমেরিন অনুপ্রবেশ করলে ফ্রিগেটের ধাওয়ায় তাড়িয়ে দেওয়া হয় বলে দাবি করেছে মস্কো। তবে মস্কোর এই দাবি প্রত্যাখান করেছে ওয়াশিংটন।
শনিবার (১২ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা ইন্টারফাক্সকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রশান্ত মহাসাগরের কুড়িল দ্বীপপুঞ্জের কাছে রুশ জলসীমায় ডুবন্ত মার্কিন সাবমেরিনটি শনাক্ত হলে তা তাড়িয়ে দেয়া হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘটনার বিবরণীতে জানা গেছে, মস্কোর স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টার দিকে রাশিয়ার জলসীমায় ডুবে থাকা একটি সাবমেরিন শনাক্ত করতে সক্ষম হয় তারা। ওই এলাকায় তখন রাশিয়ার নৌ মহড়া চলছিল। সতর্কবার্তা দিয়ে সাবমেরিনটিকে দ্রুত উপরে আসতে বলা হলেও তা উপেক্ষিত হয়।
একাধিকবার সতর্ক সংকেত উপেক্ষিত হলে সাবমেরিনটিকে ধাওয়া করতে ফ্রিগেট সাপোস্নিকভকে পাঠানো হয়। সাপোস্নিকভের ধাওয়া খেয়ে তার সর্বোচ্চ গতিতে রুশ জলসীমা ত্যাগ করে মার্কিন ডুবোজাহাজটি।
আরও পড়ুন: রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে, পুতিনকে হুঁশিয়ারি বাইডেনের
এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে তা রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে আখ্যায়িত করেছে মস্কো।
এদিকে এই ঘটনার প্রেক্ষিতে মস্কোয় মার্কিন প্রতিরক্ষা অ্যাটাসেকে ডেকে পাঠিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তবে রুশ জলসীমায় মার্কিন ডুবোজাহাজ প্রবেশের বিষয়টি জোর অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।
মার্কিন নৌবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন কাইল দাবি করেন, তাদের জলসীমানায় মার্কিন ডুবোজাহাজের এই অপারেশনের কোনো সত্যতা নেই।
একাত্তর/জো