ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশ পুতিনের

ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি রুশপন্থি অঞ্চলকে ‘স্বাধীন’ রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে ওই দুই অঞ্চলে রুশ সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর রয়টার্সের।

সোমবার রুশ প্রেসিডেন্টের নেওয়া এই পদক্ষেপে বড়ো আকারের যুদ্ধের আশঙ্কা করছে পশ্চিমারা।

এর আগে একই দিন ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত ডোনেস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ডিক্রিতে স্বাক্ষর করেন পুতিন। পরে ‘শান্তি বজায় রাখতে’ ওই অঞ্চলে রাশিয়ান বাহিনী মোতায়েনের নির্দেশ দেন তিনি। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রায়টার্স জানায়, এই নির্দেশের পর ট্যাংকসহ অন্য সামরিক যন্ত্রপাতি এসব এলাকায় প্রবেশ করেছে। 

রায়টার্স আরও জানায়, ডোনেস্ক এলাকায় পাঁচটি ট্যাংক এবং শহরের অন্য এলাকায় আরও দুইটি ট্যাংক দেখা গেছে। তবে এসব ট্যাংকে কোনো চিহ্ন দেখা যায়নি। 

মস্কোর এ পদক্ষেপের পরিপ্রেক্ষিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তারা মোটেই ভীতসন্ত্রস্ত নয়। ইউক্রেন কাউকে কিছু দেবে না।এসময় শান্তি আলোচনাকে নস্যাৎ করার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেন জেলেনস্কি।

আরও পড়ুন: সার্চ কমিটির শেষ বৈঠক আজ, চূড়ান্ত হবে ১০ নাম

সম্প্রতি ইউক্রেন সীমান্তে রাশিয়া লাখো সেনা জড়ো করে। এর পরিপ্রেক্ষিতে পশ্চিমারা আশঙ্কা করে, রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে পারে। তবে এ অভিযোগ অস্বীকার করে মস্কো।


একাত্তর/এসি