চালু হলো ট্রাম্পের 'ট্রুথ সোশ্যাল'

যুক্তরাষ্ট্রে সীমিত আকারে চালু হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল। 

এখন শুধুমাত্র যুক্তরাষ্ট্রের অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া গেলেও, সামনের মার্চ থেকে এটি পুরোপুরি কার্যকর হবে বলে জানিয়েছেন ট্রুথ সোশ্যাল প্রজেক্টের প্রধান ও সাবেক কংগ্রেস সদস্য ডেভিন নুনস। 

গত বছর ফেসবুক, টুইটার ও ইউটিউব থেকে নিষিদ্ধ হওয়ার পর নিজের একটি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম তৈরির ঘোষণা দেন ট্রাম্প। 

চালুর প্রথম দিনেই ব্যাপকভাবে সাড়া ফেলেছে ট্রুথ সোশ্যাল। অনেকেই নিবন্ধন করতে গিয়ে 'ব্যাপক চাহিদার কারণে আপনাকে আমাদের ওয়েটলিস্টে রাখা হয়েছে' এমন বার্তা পাচ্ছেন। 

ট্রাম্প মিডিয়া এন্ড টেকনোলজি গ্রুপের তৈরি করা ট্রুথ সোশ্যাল প্রথমে পাঁচশ' বেটা টেস্টারদের জন্য উন্মুক্ত করা হয়েছিলো। 

গত সপ্তাহে ট্রুথ সোশ্যালের প্ল্যাটফর্মে ট্রাম্পের প্রথম পোস্টের একটি স্ক্রিনশট শেয়ার করেন তার ছেলে ডনালদ ট্রাম্প জুনিয়র। সেখানে লেখা ছিল- 'তৈরি হন। আপনাদের প্রিয় প্রেসিডেন্ট শিগগিরই আপনাদের কাছে আসছেন!' 

অ্যাপলের অ্যাপ স্টোরের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ট্রুথ সোশ্যাল অ্যাপে প্রথম হালনাগাদ আনা হয়েছে। বর্তমানে অ্যাপ স্টোরে এর ১.০.১ ভার্সন পাওয়া যাচ্ছে। 

ট্রুথ সোশ্যালের অনেক ফিচারই টুইটারের অনুকরণে বানানো হয়েছে বলে মন্তব্য করেছেন অনেকে। যেমন এর রিটুইট ও লাইক বাটন। 

উল্লেখ্য, গত বছরের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গায় উসকানি দেয়ার অভিযোগে টুইটারে ডোনাল্ড ট্রাম্পকে নিষিদ্ধ করা হয়। 


একাত্তর/এসজে