ইউক্রেনীয়দের রাশিয়া ত্যাগের নির্দেশ, জারি হবে জরুরি অবস্থা

রাশিয়ায় অবস্থানরত সকল ইউক্রেনীয় নাগরিককে অবিলম্বে রাশিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে ইউক্রেন সরকার। সেইসাথে কয়েকশ' রাশিয়ান নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা। 

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিবিসির প্রতিবেদনে একথা জানানো হয়। 

রাশিয়াতে প্রায় ৩০ লাখ ইউক্রেনীয় নাগরিক বসবাস করেন। এদের মধ্যে অনেকেরই দুই দেশেই আত্মীয়-স্বজন রয়েছেন। 

আরও পড়ুন: সবচেয়ে বড় নিরাপত্তা সঙ্কটে বিশ্ব: জাতিসংঘ মহাসচিব

এদিকে ইউক্রেনের একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, দেশটিতে শিগগিরই এক মাসের জরুরি অবস্থা জারি করা হবে। তবে তা হলে জরুরি অবস্থার আওতার বাইরে থাকবে দোনেৎস্ক ও লুহানস্ক। 

এ বিষয়ে দেশটির পার্লামেন্টে প্রতিবেদন পেশ করবেন নিরাপত্তা পরিষদ সচিব ওলেক্সি দানিলভ। তা অনুমোদন হলে জরুরি অবস্থা জারির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। 

এছাড়াও রাশিয়ান আক্রমণের আশঙ্কায় সেনাবাহিনীর জন্য সংরক্ষিত ১৮ থেকে ৬০ বছর বয়সী নাগরিকদের নিয়মিত সেনাবাহিনীতে মোতায়েন করা হচ্ছে। 

উল্লেখ্য, সোমবার ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন প্রজাতন্ত্রের স্বীকৃতি দিয়ে সেখানে সেনা মোতায়েন করেছে রাশিয়া। 

এ পদক্ষেপকে ইউক্রেনের ভৌগলিক ও স্বার্বভৌমত্বের লঙ্ঘন বলেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। 

তার মতে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা সঙ্কটের মোকাবিলা করছে বিশ্ব।


একাত্তর/এসজে