এতদিন পর্যন্ত ইউক্রেন হামলার শঙ্কাকে সত্যি করেছে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভসহ একাধিক অঞ্চলে রাশিয়া মিসাইল হামলা চালানোর দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। আর এ ঘটনায় নিরাপত্তার জন্য রাজধানী ছেড়ে যাচ্ছে কিয়েভের বাসিন্দারা।
ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযান চালানোর ঘোষণা দেয়ার কয়েক মিনিট পরই ইউক্রেনে বোমা এবং মিসাইল হামলা শুরু হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয়। এসময় কিয়েভে বাজানো হয় জরুরি সাইরেন।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে মহাসড়কগুলোতে শহর ছেড়ে যেতে চাওয়া মানুষের গাড়ির ভিড়। এতে স্বাভাবিকভাবেই আতঙ্ক প্রকাশ করছে জনসাধারণ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বোমার থেকে সুরক্ষার জন্য আশ্রয় কেন্দ্র এবং বেজমেন্টে আশ্রয় নেওয়ার কথাও জানিয়েছেন অনেকে।
দ্য গার্ডিয়ানের সাংবাদিক লুক হার্ডিংয়ের টুইটের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রাস্তায় তুলনামূলক কম মানুষ দেখা গেলেও ক্যাশ মেশিনগুলোতে ভিড় রয়েছে।
আরও পড়ুন: ইউক্রেনে ঢুকে পড়েছে রুশ সেনা
এদিকে বিবিসি’র কিয়েভ সংবাদদাতা জেমস ওয়াটারহাউজকে ইউক্রেনের সরকারি মুখপাত্র জানিয়েছেন, রুশ সেনারা পুরো মাত্রায় অভিযান শুরু করেছে। রুশ বাহিনী ইউক্রেনে ঢুকে পড়েছে জানিয়ে ইউক্রেনীয় ওই সরকারী কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে কিয়েভে ক্রুজ মিসাইল আক্রমণ করা হয়েছে।
একাত্তর/টিএ