রুশ সামরিক অভিযানকে 'আক্রমণ' বলতে নারাজ চীন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। এরইমধ্যে ইউক্রেনের একাধিক অঞ্চল থেকে গোলাগুলি ও হতাহতের খবর আসছে। এমন পরিস্থিতিতে নিজেদের অবস্থান পরিষ্কার জানিয়ে দিলো রাশিয়ার মিত্র দেশ চীন। 

সব পক্ষকে সংযমের আহ্বান জানিয়ে চীন সরকার বলছে, রাশিয়ার সামরিক অভিযানকে 'আক্রমণ' হিসাবে বর্ণনা করা উচিত নয়।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ইউক্রেন-রাশিয়া ইস্যুতে এসব কথা জানায় বেইজিং, খবর এনডিটিভি'র।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেছেন, চীন সাম্প্রতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, এবং আমরা সব পক্ষকে সংযম বজায় রাখার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়া প্রতিরোধ করার জন্য আহ্বান জানাচ্ছি।  

রাশিয়ার সামরিক পদক্ষেপকে 'আক্রমণ' বলতে অস্বীকৃতি জানায় হুয়া চুনয়িং। তার মতে, এটি 'পক্ষপাতমূলক' শব্দ। 

হুয়া সাংবাদিকদের বলেন, ঐতিহাসিকভাবেই ইউক্রেন ইস্যুর অত্যন্ত জটিল একটি পটভূমি রয়েছে এবং যা ঘটছে তা বিভিন্ন কারণের ফলাফল।

চীন সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্রদেরকে বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছে।

বুধবার অন্য এক সংবাদ সম্মেলনে হুয়া বলেছিলেন, ইউক্রেন-রাশিয়া সংকটে মার্কিন যুক্তরাষ্ট্র 'আগুনে জ্বালানি যোগ করছে'।

এদিকে বৃহস্পতিবার ইউক্রেনের চীনা দূতাবাস তার নাগরিকদের 'গুরুতর ঝামেলার' জন্য সতর্ক থাকতে এবং যতটা সম্ভব বাড়িতে থাকার জন্য সতর্ক করেছে।

আরও পড়ুন: বোরো ধান-চালের মূল্য নির্ধারণ, সংগ্রহ শুরু ২৮ এপ্রিল

এর আগে প্রায় এক মাসের উত্তেজনা শেষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে সেনা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবারে সকালে টেলিভিশনে প্রচারিত হওয়া ঐ ভাষণে পুতিন পূর্ব ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণ করার আহ্বান জানান এবং যেকোনো ধরনের রক্তপাতের জন্য ইউক্রেন দায়ি থাকবে বলে সতর্কও করেন তিনি। 


একাত্তর/আরবিএস