রাশিয়াকে আন্তর্জাতিক আদালতে টেনে নিলো ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে অভিযোগ করেছে ইউক্রেন। মস্কোর আগ্রাসন বন্ধের আদেশ দিতে বিচারকদের প্যানেলকে অনুরোধও করেছে দেশটি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি এক টুইটার পোস্টে জানান, আন্তর্জাতিক আদালতে রাশিয়ার বিরুদ্ধে আবেদন জমা দিয়েছে ইউক্রেন।

আগ্রাসনকে ন্যায্যতা দেয়ার জন্য রাশিয়াকে জবাবদিহিতা করতে হবে। জেলেনস্কি বলেন, আমরা রাশিয়ার সামরিক কার্যকলাপ বন্ধের আদেশ দিতে জরুরি সিদ্ধান্তের অনুরোধ করছি এবং আগামী সপ্তাহে বিচারকাজ শুরু হবে বলে আশা করছি।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন কতটা ন্যায় সংগত ছিলো, তার জন্য জবাবদিহি করতে হবে রাশিয়াকে। পাশাপাশি আগ্রাসনের জন্য রাশিয়া নিরীহ ইউক্রেনবাসীদের যেভাবে হত্যা করতে তারও জবাব দিতে হবে। পুতিন ইউক্রেন গণসংহার চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন জেলেনস্কি।

গেলো বৃহস্পতিবারই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধ যুদ্ধ ঘোষণা করে। তারপর স্থল, জল আর আকাশপথে ইউক্রেনের বিরুদ্ধে হামলা চালায়।

রাশিয়া এটিকে সামরিক অভিযান বলে দাবি করেছে। বলেছে ইউক্রেনের সাধারণ মানুষের কোনও ক্ষতি হবে না। কিন্তু বাস্তব বলছে অন্য কথা।

আরও পড়ুন: তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা কি এড়াতে পারবেন বাইডেন?

কারণ রাশিয়ার ছোঁড়া বোমা আর ক্ষেপণাস্ত্রের আঘাতে গুঁড়িয়ে যাচ্ছে ইউক্রেনের সামরিক এবং বেসামরিক অবকাঠামো। বর্তমানে প্রায় তিন দিন থেকেই ইউক্রেনকে ঘিরে রেখেছে রাশিয়া।


একাত্তর/আরএ