মার্কিন ডলারের বিপরীতে রুবলের রেকর্ড পতন

ইউক্রেন হামলার পর থেকেই রাশিয়ার উপর একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাবে মার্কিন ডলারের বিপরীতে রাশিয়ার মুদ্রা রুবলের রেকর্ড পতন হয়েছে।

সর্বশেষ সুইফট মুদ্রা ব্যবস্থায় রাশিয়াকে অবাঞ্ছিত করার পরে দেশটির রুবেলের মান ডলারের বিপরীতে ৩০ শতাংশ নেমে গেছে।

আর ব্লুমবার্গ বলছে, অফশোর ট্রেডিংয়ে রুবল প্রতি ডলারে ২৭ শতাংশ কমে ১১৪ দশমিক ৩৩ ডলারে নেমেছে। 

এদিকে রুবলের রেকর্ড পতন এবং উচ্চ মুদ্রাস্ফীতির ঝুঁকি মোকাবিলায় সুদের হার সাড়ে ৯ শতাংশ থেকে বাড়িয়ে একলাফে ২০ শতাংশ করেছে ব্যাংক অব রাশিয়া।

এদিকে, মুদ্রার মানের নিম্নমুখীতার পাশাপাশি সুইফট থেকে রাশিয়াকে অবাঞ্ছিত ঘোষণা করায়, দেশটির গ্রাহকরা রাশিয়ার ব্যাংকগুলোতে শনিবার থেকেই ভিড় করছে।

ইরান ও উত্তর কোরিয়াকে যেভাবে অর্থনৈতিকভাবে একঘরে করা হয়েছিল, ঠিক একইভাবে রাশিয়াকেও একঘরে করে দেওয়ার কথা চিন্তা করছে পশ্চিমা দেশগুলো।

এতে করে আন্তর্জাতিক পর্যায়ে রাশিয়া সুইফট ব্যবহারের সুবিধা হারাবে ও দেশটির কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে মুখ্য ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো নিষেধাজ্ঞার মুখে পড়বে।

মুদ্রার মান ফিরিয়ে আনতে ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপ থেকে মুক্তি পেতে রাশিয়ার বিকল্প পথ খোঁজা ছাড়া আপাতত আর কোনো রাস্তা খোলা নেই বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।


একাত্তর/জো