ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে ভুয়া ছবি-ভিডিও’র ছড়াছড়ি

ইউক্রেনে যখন রুশ বাহিনীর অভিযান চলছে, তখন এই যুদ্ধ সংক্রান্ত ভুল, বিভ্রান্তিকর অনেক ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে ব্যাপকভাবে। 

এর মধ্যে বেশকিছু ভিডিও রয়েছে যেগুলো ইউক্রেন বা অন্য কোনো স্থানে হওয়া পুরনো যুদ্ধের ভিডিও। অনেক ভিডিও আর ছবি তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিচ্ছে সামাজিক মাধ্যম। 

নির্ভুল নিশানায় একের পর এক রাশিয়ান যুদ্ধবিমান ধ্বংস করছেন ইউক্রেনিয় এক বিমান চালক। একটি বা দু’টি নয়। ৩০ ঘণ্টায় পর পর ছয়টি। 

সেই পাইলটকে ‘গোস্ট অব কিয়েভ’ আখ্যা দিয়ে যে ছবি শেয়ার করা হয়েছে সেটিও কোটি কোটি বার ভিউ হয়েছে। এ রকমই একটি ভিডিও ঘিরেও নেটমাধ্যমে শুরু হয় শোরগোল।

পরে রয়টার্সসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, এটি আসলে একটি ভিডিও গেমের অংশ। আর সামরিক বিশ্লেষকরা বলেছেন, এতোগুলো বিমান এক সঙ্গে ধ্বংস করা অসম্ভব।

ইউক্রেন যুদ্ধের পাঁচদিনের মাথায় আরেকটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এক বৃদ্ধার ক্ষতবিক্ষত মুখ ব্যান্ডে দিয়ে বাধা। লাখ লাখ শেয়ার হয়েছে ছবিটি।

পরে বিবিসি জানতে পারে, এই নারীর ছবিটি ২০১৮ সালে রাশিয়ার একটি শহরের গ্যাস বিস্ফোরণ দুর্ঘটনার। এমনি ওই দুর্ঘটনার ছবির ভাইরাল হয়েছে ইউক্রেন যুদ্ধের হিসাবে। 

আরও পড়ুন: বিশ্বে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার কবলে রাশিয়া

টুইটারে পোস্ট করা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ইউক্রেনের একটি শহরের ওপর দিয়ে সাইরেন বাজিয়ে অসংখ্য বোমারু বিমান উড়ছে। 

তবে বিবিসি সত্যতা যাচাই করে জানিয়েছে, এই দৃশ্যটি ২০২০ সালের। মস্কতে সেনাবাহিনীর কুচকাওয়াজের প্রস্তুতির একটি প্রাইভেট ভিডিও।  

আরেকটি ভিডিওতে দাবি করা হয়েছে, রুশ প্যারাট্রুপাররা ইউক্রেনের খারকিভ শহরে নামছে।  কিন্তু আসল ঘটনা ভিডিওটি ইউক্রেনের নয়। ২০১৬ সালে প্রথমবার ভিডিওটি প্রকাশ পায় ।  

টিকটকে এক কোটিরও বেশিবার দেখা এই ভিডিওতে দাবি করা হয়েছে, একটি ইউক্রেনীয় শিশু একজন রুশ সেনাকে নিজ দেশে ফিরে যেতে বলছে। 

তবে, মুল ভিডিওটি ২০১২ সালের, যেখানে ফিলিস্তিনি তরুণী আহেদ তামিমি ইসরাইলি সেনার মুখোমুখি হয়েছে। 

এমন একটা ভিডিও সামাজিক মাধ্যমে দেখা যায় যেখানে বলা হয় ইউক্রেন যুদ্ধের প্রস্তুতি হিসেবে নাচের অনুশীলন করছে রুশ সেনারা। আসলে ভিডিওটা ছিলো উজবেকিস্তানের মিলিটারি ব্যান্ডের একটি কনসার্টের।   

তবে এই যুদ্ধের মাঝেও কোনও কোনও ঘটনা একটু হাসি ছড়িয়ে দিচ্ছে বিশ্ববাসীর মনে। একটি ভিডিওটিতে দেখা যায়, এক ব্যক্তি একটি সামরিক ট্যাঙ্ককে ট্রাক্টরের সঙ্গে বেঁধে টেনে নিয়ে যাচ্ছেন। দাবি করা হচ্ছে, রুশ বাহিনীর ফেলে যাওয়া ওই ট্যাঙ্ক চুরি করছেন স্থানীয় এক কৃষক।


একাত্তর/এসজে