সমগ্র ইউক্রেন জুড়ে যুদ্ধবিরতি ও মারিওপোলে মানবিক করিডর খুলে দেয়া নিয়ে ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মধ্যকার আলোচনা ফলপ্রসূ হয়নি। কোনো ধরনের উল্লেখযোগ্য সমাধান ছাড়াই শেষ হয়েছে দুই পক্ষের দেড় ঘণ্টার বৈঠক।
বৃহস্পতিবার (১০ মার্চ) তুরস্কের আনতালিয়ায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের মধ্যস্থতায় বৈঠকে বসেন রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং ইউক্রেনিয় পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা।
বৈঠক শেষে কুলেবা বলেন, আলোচনা ছিল 'একইসাথে সহজ ও কঠিন'।
'সহজ কারণ ল্যাভরভ ইউক্রেন নিয়ে তার গতানুগতিক বক্তব্যই দিয়ে যাচ্ছিলেন, আর কঠিন কারণ আমি ইউক্রেনে চলমান মানবিক সংকটের কূটনৈতিক সমাধান খুঁজতে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি', বলেন তিনি।
আরও পড়ুন: একযুগ পর জেগেছে ভয়ংকর মেরাপি আগ্নেয়গিরি
তিনি জানান, বৈঠকে ইউক্রেনে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা বা মারিওপোলে মানবিক করিডর গঠন ইস্যুতে কোন অগ্রগতি হয়নি।
যুদ্ধবিরতির ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ল্যাভরভের হাতে ছিল না জানিয়ে কুলেবা বলেন, এ ব্যাপারে রাশিয়াতে অন্যান্য সিদ্ধান্ত গ্রহণকারী রয়েছে।
এদিকে বৈঠক শেষে এক আলাদা সংবাদ সম্মেলনে ল্যাভরভ জানান, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে কেউ বৈঠকে আসেনি।
এ যুদ্ধের ফলে রাশিয়ার অর্থনীতি হুমকির মুখে পড়ার পরও রাশিয়া তাদের সিদ্ধান্তে অটল আছে কিনা জানতে চাইলে ল্যাভরভ বলেন, এ নিয়ে তারা কাজ করছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ও সরকার এ নিয়ে কাজ করছে।
একাত্তর/এসজে