ইউক্রেন অভিযান বন্ধে রাশিয়াকে আন্তর্জাতিক আদালতের নির্দেশ

অনতিবিলম্বে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধে রাশিয়াকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক আদালত। 

বুধবার (১৬ মার্চ) কিয়েভের কর্মকর্তাদের অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক শুনানি শেষে আন্তর্জাতিক আদালত এই নির্দেশনা দেয়।

সেখানে বলা হয়, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের ভূখণ্ডে শুরু করা সামরিক অভিযান অনতিবিলম্বে বন্ধ করতে রুশ ফেডারেশনকে নির্দেশ দেয়া হচ্ছে। 

এছাড়াও রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা অন্য কোনো বাহিনী যেন এ অভিযান চালিয়ে না যায় তাও রাশিয়াকে নিশ্চিত করতে হবে। 

এ সিদ্ধান্তে ১৩-২ অনুপাতে ভোট দেন বিচারকরা। রাশিয়া ও চীনের বিচারকদ্বয় এতে বিরোধিতা করেন।

আদালতের রুলিং পালনে বাধ্যবাধকতা থাকলেও, অতীতে কোনো কোনো দেশ তা আমলে নেয়নি, যদিও এ ঘটনা খুবই বিরল। 

ইউক্রেনের পূর্বাঞ্চলে গণহত্যা রোধ করতে রাশিয়া এ সামরিক অভিযান শুরু করেছে বলে রাশিয়া যে দাবি করে আসছিল, সেরকম কোন আলামত পায়নি আন্তর্জাতিক আদালত। 

শুনানিতে ইউক্রেন দাবি করে, ইউক্রেনের পূর্বাঞ্চলে গণহত্যার কোনো হুমকি নেই, এবং জাতিসংঘের ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন যাতে উভয় দেশই স্বাক্ষর করেছে, সে অনুযায়ী সামরিক অভিযান চালিয়ে গণহত্যা ঠেকানোর কোনো সুযোগ নেই। 

এদিকে, মামলার অযৌক্তিকতার প্রেক্ষিতে গত ৭ মার্চের শুনানিতে অংশগ্রহণ করেনি বলে জানায় রাশিয়া। 


একাত্তর/এসজে