ইউক্রেন যুদ্ধের ২৫তম দিনে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে
রাশিয়ার আক্রমণ। ইউক্রেনে ধ্বংসস্তুপ হয়ে ওঠা একের পর এক শহরে আছড়ে পড়ছে রাশিয়ার
ক্ষেপণাস্ত্র ও গোলা।
ইউক্রেনে রুশ বাহিনীর অভিযানে সবচেয়ে বিপর্যন্ত মারিউপোল। নগরীতে আটকে পড়া তিন লাখা মানুষ অবরুদ্ধ অবস্থায় মানবেতর জীবন যাপন করছে।
মাইকোলাইভে রাশিয়ার রকেট হামলায় নিহত হয়েছে অন্তত ৫০ জন। তিনদিন আগে ঘুমন্ত ইউক্রেন সেনাদের ওপর চালানো এই হামলায় প্রাণের সন্ধানে এখনো চলছে উদ্ধারকাজ।
ইউক্রেনে রুশ হামলা জোরদার করলেও যুক্তরাজ্য দাবি করেছে, আকাশসীমা নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে রাশিয়া। এর আগে দেশটি দাবি করে, রুশ সেনারা কোন শহরই দখল করতে পারেনি।
এদিকে, ইউক্রেনে আবার কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন সেনাবাহিনীর জ্বালানি মজুতের একটি স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
রাশিয়ার হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বন্দরনগরী মারিউপোল। ক্ষতিগ্রস্ত ৮০ শতাংশ স্থাপনা। বিভিন্ন সড়কে দেখা গেছে রুশ বহিনীর টহল।
খেরসন, মেলিটোপলের পর মারিউপোল দখলের দ্বারপ্রান্তে মস্কো। নগরীতে আটকে আছে তিন লাখের মতো বাসিন্দা। চলছে পানি, বিদ্যুৎ, খাবার সংকট।
মারিউপোলের মেয়র দাবি করেছেন, কয়েক হাজার বাসিন্দাকে জোরপূর্বক রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে সরিয়ে নিয়ে গেছে রাশিয়া।
ইউক্রনের দাবি, মারিউপোলের শহরের লেফট ব্যাংক জেলার একটি আর্ট স্কুলে রুশ সেনারা বোমা বর্ষণ করেছে রাশিয়ার সেনারা। স্কুলটিতে নারী, শিশু ও বয়স্ক মানুষরা আশ্রয় নিয়েছিল।
রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর প্রকাশ করলেও, বোমা বর্ষণের ইউক্রেনের এই দাবি স্বতন্ত্রভাবে যাছাই করতে পারেনি গার্ডিয়ান।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এক ভিডিও বক্তব্যে বলেন, যুদ্ধপরাধের জন্য মারিউপোল ইতিহাসে লেখা থাকবে। শান্তিপূর্ণ একটি শহরে ভয়াবহতা শত শত বছর স্মরণ থাকবে।
উত্তরাঞ্চলীয় মাইকোলাইভে ঘুমন্ত ইউক্রেনীয় বাহিনীর উপর রুশ রকেট হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অর্ধশত।
শুক্রবার ভোরে যখন রাশিয়ান সেনারা হামলা চালায় তখন ব্যারাকে অন্তত ২০০ জন সেনা ঘুমোচ্ছিলেন। ধ্বংসস্তূপে প্রাণের সন্ধানে চলছে উদ্ধার অভিযান।
ইউক্রেনের বিভিন্ন শহরে হামলার মধ্যেও শনিবার ছয় হাজার ৬২৩ জন বাসিন্দা মানবিক করিডর নিয়ে অন্য জায়গায় সরে গেছেন।
রাজধানী কিয়েভে চলছে বিমান এবং গোলা হামলা। এ পর্যন্ত নিহত ২২৮ জন আর আহত ৯১২। হামলায় বাস্তুচ্যুত বহু মানুষ।
জাতিসংঘ জানিয়েছে, রাশিয়ার হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৮৪৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
দিশেহারা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি কালক্ষেপণ না করে সমঝোতায় জন্য মস্কোর প্রতি আবারো আহ্বান জানিয়েছেন। রাশিয়াকে মোকাবেলায় চেয়েছেন আন্তর্জাতিক সমর্থন।
তবে অবাস্তব শর্ত দিয়ে ইউক্রেন শান্তি আলোচনা বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। জার্মান চ্যান্সেলর ওলফ শলৎজের সঙ্গে ফোনালাপে তিনি এ মন্তব্য করেন।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনে অধিকাংশ হামলা আকাশ পথে করলেও কিয়েভের আকাশ নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হয়েছে মস্কো।
রুশ-ইউক্রেন যুদ্ধে সঠিক অবস্থান নিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে
ব্রিটেন। একই আহ্বান জানায় কিয়েভও। জবাবে রাশিয়ার উপর ক্রমবর্ধমান নিষেধাজ্ঞাকে আক্রোশজনক
বলেছে চীন। বেইজিং সঠিক পথে আছে বলেও জানানো হয়।
একাত্তর/এসএ