করোনা বাড়বাড়ন্তে এবার সাংহাইয়ে লকডাউন

চীনের সাংহাইয়ে করোনা সংক্রমণ বাড়ছে উদ্বেগজনক হারে। মঙ্গলবার দেশটিতে রেকর্ড সংখ্যক ৬,৮৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সাংহাইয়েই শনাক্ত হয়েছে ৪,৪০০ জন।

বাণিজ্যিক নগরী সাংহাইয়ের কিছু এলাকায় চলছে লকডাউনের তৃতীয় দিন। আতংকিত শহরবাসীর মধ্যে কেনাকাটার হিড়িক পড়ে গেছে।

সংক্রমণের বাড়বাড়ন্তের ফলে বাসিন্দাদের বাড়ির বাইরে ঘোরাঘুরিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সকালে-বিকেলে পোষ্যদের নিয়ে বের হওয়া নিষেধ।

বলা হয়েছে, একমাত্র কোভিড টেস্ট করানোর জন্যই বাইরে বেরুনোর ছাড়পত্র দেয়া হবে। আবাসন এলাকার ভেতরে ঘোরাঘুরি করা যাবে না।

বাসিন্দারা কোনও হল, গ্যারাজ বা খোলা জায়গায়, আবাসনে হাঁটাহাঁটি করতে পারবেন না। তাতে সংক্রমণের ঝুঁকি রয়েছে।


তবে অর্থনীতিকে সচল রাখতে সাংহাই কর্তৃপক্ষ কঠোর লকডাউন এড়িয়ে স্থানীয়ভাবে লকডাউন কিংবা কিছু নিষেধাজ্ঞার পদক্ষেপ নিয়েছে।

নগরীর দুই অঞ্চলে দুই ধাপে লকডাউন কার্যকর হবে। পূর্বাঞ্চলে সোমবার থেকে ১ এপ্রিল পর্যন্ত লকডাউন চলছে। আর পশ্চিমাঞ্চলে ১ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত লকডাউন থাকবে।

 

একাত্তর/আরবিএস