ইতিহাসের উষ্ণতম মাস দেখলো ভারত। গেলো মার্চ মাস ছিল দেশটির ১২১ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ। মার্চ মাসে ভারতের গড় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩.১০ ডিগ্রি সেলসিয়াস।
স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রার চেয়ে গড়ে ১.৮৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল ২০২২-এর মার্চ মাসের গড় সর্বোচ্চ তাপমাত্রা। আর গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ১.৩৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।
শনিবার (১ এপ্রিল) ভারতের আবহাওয়া দফতরের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য হিন্দুস্থান টাইমস ও আনন্দবাজার।
শুধু উষ্ণতা নয়, ভারতে এ বছর উদ্বেগজনকভাবে কমছে বৃষ্টিপাতের পরিমাণ। মার্চে বৃষ্টির ঘাটতি ছিল প্রায় ৭১ শতাংশ।
আবহাওয়া অফিস জানিয়েছে, ১১৪ বছরে মাত্র দুইবার এরচেয়ে কম বৃষ্টি হয়েছে ভারতে। এ বছর মার্চে বৃষ্টি হয়েছে মাত্র ৮.৯ মিলিমিটার। এর আগে ১৯০৮ সালের মার্চে ভারতে বৃষ্টি হয়েছিল ৮.৭ মিলিমিটার। আর ১৯০৯ সালের মার্চে ৭.২ মিলিমিটার।
সংশ্লিষ্টরা বলছেন, এমন পরিস্থিতি ভারতের কৃষির জন্য উদ্বেগজনক। বড় ধরনের ধাক্কা খেতে পারে ফসলের উৎপাদন।
এর আগে জানুয়ারি মাসে দেশটির আবহাওয়া অফিস আরেক রিপোর্টে জানিয়েছিল, ১৯০১ সাল থেকে গত ১২০ বছরের ইতিহাসে ২০২১ সালটি ছিল ভারতে পঞ্চম উষ্ণতম বছর। মার্চ মাসে আবহাওয়ার গতিপ্রকৃতি দেখে আবহবিদদের একাংশের অনুমান, উষ্ণতার নয়া রেকর্ড গড়তে পারে ২০২২।
একাত্তর/আরবিএস