রাশিয়ার সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভসহ একে একে দেশটির সব শহর দখল করে নেবে বলে জানিয়েছেন রুশ ফেডারেশনভুক্ত চেচনিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট রমজান কাদিরভ।
সোমবার (১১ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ভিডিও বার্তায় চেচেন নেতা কাদিরভ বলেন, প্রথমে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রাজ্য লুহানস্ক ও দোনেৎস্ককে পুরোপুরি স্বাধীন করা হবে। এরপর রাজধানী কিয়েভসহ অন্য শহরগুলো দখল করা হবে।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘পদাতিক সেনা’ হিসেবে পরিচিত কাদিরভ আরো বলেন, হামলা হবে। শুধু মারিউপলে নয়, সব জায়গায় হামলা হবে। সব শহরে, গ্রামে হামলা হবে। আমি নিশ্চিত করে বলছি, এক পা-ও পিছিয়ে আসা হবে না।
আরও পড়ুন: টুইটার বোর্ডে যোগ দিচ্ছেন না মাস্ক
কাদিরভকে বার বার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে। তবে তিনি তা অস্বীকার করে আসছেন।
একাত্তর/আরএ