সমুদ্রের তলদেশে বিধ্বংসী মাইন থাকার কারণে ইউক্রেনের কয়েকটি সমুদ্র বন্দরে আটকে আছে ১৮ দেশের ৭৬ জাহাজ। জাহাজগুলোকে বন্দর ত্যাগের অনুমতি দিচ্ছে না ইউক্রেনিয় বন্দর কর্তৃপক্ষ।
রুশ বাহিনীকে ঠেকাতে আজভ সাগর, কৃষ্ণ সাগর ও ভূমধ্যসাগরের তলদেশে মাইন পেতে রেখেছে ইউক্রেনিয় বাহিনী। যেসব এলাকায় এই মাইন পাতা হয়েছে, সেসব স্থানে জাহাজ চলাচল করলেই ঘটবে ভয়াবহ বিস্ফোরণ।
রাশিয়ার বার্তাসংস্থা তাসকে এ তথ্য জানিয়ে দেশটির জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রধান জেনারেল মিখাইল মিজিন্তসেভ বলেন, রুশ সৈন্যদের ঠেকাতের কৃষ্ণ সাগর, আজভ সাগর ও ভূমধ্যসাগরে মাইন পেতে রেখেছে ইউক্রেনিয় বাহিনী। এজন্য দেশটির বিভিন্ন বন্দরে ১৮টি দেশের ৭৬টি জাহাজকে বন্দর ত্যাগের নির্দেশ দিচ্ছে না ইউক্রেন।
এদিকে, আটক জাহাজসমূহকে ছাড়পত্র দিতে ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ এবং আন্তর্জাতিক সমুদ্র পরিবহন সংস্থার প্রতিনিধিরা যোগাযোগ করলেও দ্রুত এসব জাহাজকে ছাড়পত্র দেওয়া হবে— এমন কোনো আশ্বাস এখনও তাদের দিতে পারেনি কিয়েভ।
আর সমুদ্রে থাকা মাইনগুলো যদি স্রোতের কারণে সরে গিয়ে সাগর তীরবর্তী কোনো দেশের তীরে ভেড়ে, সেক্ষেত্রে বড় বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে বলে জানান জেনারেল মিজিন্তসেভ।
অবশ্য কৃষ্ণ সাগর, আজভ সাগর ও ভূমধ্যসগারের জাহাজ চলাচলের পথ নিরাপদ করতে ইতোমধ্যে রাশিয়া পদক্ষেপ নেওয়া শুরু করেছে বলেও তাসকে নিশ্চিত করেছেন এই রুশ প্রতিরক্ষা কর্মকর্তা।
উল্লেখ্য, শনিবার (১৬ এপ্রিল) ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান ৫৩তম দিনে গড়িয়েছে। এই দীর্ঘসময় ধরেই ইউক্রেনের বন্দরগুলোতে আটকে আছে এই বাণিজ্যিক জাহাজগুলো।
একাত্তর/জো