পাকিস্তানের ক্ষমতায় ফিরতে প্রবাসী পাকিস্তানিদের কাছে অনুদান চাইলেন ইমরান খান। অর্থ সংগ্রহে নতুন একটি ওয়েবসাইটও চালু করেছেন তিনি।
এক ভিডিও বার্তায় প্রবাসীদের কাছে অর্থদানের অনুরোধ জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ- পিটিআই প্রধান।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া ভিডিও বার্তায় ইমরান খান বলেন, শাহবাজ সরকারের পতন ও নতুন নির্বাচনের জন্য আন্দোলনে প্রচুর অর্থ প্রয়োজন।
এজন্য নামঞ্জুর ডটকম নামে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। এর মাধ্যমে অনুদান সংগ্রহ করছে পিটিআই। ইমরান তার এ প্রচারণার নাম দিয়েছেন হাকিকি-আজাদি।
বলেছেন, পাকিস্তানের ২২ কোটি মানুষের ওপর একটি দুর্নীতিগ্রস্ত সরকার চাপিয়ে দেয়া হয়েছে। এখন জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে দেশ কে চালাবে- পিটিআই না দুর্নীতিগ্রস্ত শরিফ পরিবার।
বার্তায় দ্রুত নির্বাচনের দাবিও করেন তিনি। সেই সঙ্গে আমেরিকার বিরুদ্ধে তোপ দাগেন ইমরান। তিনি দাবি করেন, আমেরিকার মদতেই শাহবাজ শরিফের সরকার ক্ষমতায় এসেছে।
একাত্তর/এআর