বিশ্বের বৃহত্তম টিকা প্রস্তুতকারী কোম্পানি সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া গত ডিসেম্বর থেকে করোনা টিকার উৎপাদন বন্ধ রেখেছে।
কোম্পানির শীর্ষ নির্বাহী আদর পুনাওয়ালা শুক্রবার এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
নিজেদের মজুতে থাকা কোটি কোটি টিকার ডোজ অবিক্রিত থাকায় কোম্পানি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানান পুনাওয়ালা।
সেরাম কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মজুতে ২০ কোটিরও বেশি টিকা পড়ে আছে। টিকা বেশি থাকায় এসব ডোজ বিনে পয়সায় বিতরণ করে দেয়ার জন্য প্রস্তুত রয়েছে সেরাম।
পাশাপাশি, অনগ্রসর ও উন্নয়নশীল দেশগুলোকে টিকা সহায়তা দিতে কোভ্যাক্সে অবিক্রিত টিকার ডোজসমূহ পাঠানো যায় কিনা, সে চেষ্টাও চলছে বলে জানিয়েছেন পুনাওয়ালা।
করোনা টিকা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভারতীয় সংস্করণ কোভিশিল্ডের প্রস্তুতকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট।
পুনাওয়ালা বলেছেন, ভারতে করোনা টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পর তৃতীয় বা বুস্টার ডোজ নেয়ার মধ্যে যে বিরতি, তা কমানোর জন্য দেশটির সরকারকে অনুরোধ করেছেন তারা।
বর্তমানে ভারতের সরকারি নিয়ম অনুযায়ী দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজের মধ্যকার বিরতি ৯ সপ্তাহ। এই বিরতিকাল ৬ সপ্তাহ করতে সরকারকে অনুরোধ জানিয়েছে কোম্পানি।
গত বছরের মার্চ-এপ্রিলে ভারতে যখন করোনার সর্বনাশা দ্বিতীয় ঢেউ শুরু হয়, সে সময় দেশে যোগান ঠিক রাখতে বাইরের দেশে টিকা রপ্তানি বন্ধ ঘোষণা দেয় ভারতের সরকার।
বিশ্বের বৃহত্তম টিকা রপ্তানিকারক দেশটির সিদ্ধান্তে বিপদে পড়েছিল গোটা বিশ্ব। টিকার যোগান বন্ধ থাকায় অনেক দেশের জাতীয় টিকাদান কর্মসূচিও স্থগিত হয়ে যায়।
একাত্তর/এআর