ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হওয়ার পর ১০ লাখেরও বেশি ইউক্রেনিয়কে রাশিয়ায় সরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
শনিবার (৩০ এপ্রিল) আরেও ২৮ লাখ ইউক্রেনিয়কে রাশিয়ায় সরিয়ে নেয়া হবে বলেও জানিয়েছেন ল্যাভরভ।
জানা গেছে, রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দোনেত্স্ক ও লুহানস্ক প্রজাতন্ত্র থেকে যে ১০ লাখ ২০ হাজার মানুষকে রাশিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে, তাদের মধ্যে এক লাখ ২০ হাজার বিদেশিও রয়েছে।
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর আগে রাশিয়া দোনেত্স্ক ও লুহানস্ককে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘের তথ্যানুযায়ী, রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই ইউক্রেনের ৫৪ লাখেরও বেশি বাসিন্দা প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হয়েছে।
মস্কো তাদের নাগরিকদের জোরপূর্বক রাশিয়ায় নিচ্ছে বলে বেশ কয়েকবার অভিযোগ করেছে ইউক্রেন। তবে মস্কো বরাবরই সে অভিযোগ নাকচ করে দিয়ে আসছে।
এদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বন্দরনগরী মারিওপোলসহ বেশ কিছু যুদ্ধকবলিত এলাকা থেকে বেসামরিক লোকজন সরিয়ে নেওয়ার উদ্যোগ বারবার ভেস্তে যাচ্ছে, এ নিয়ে দুই পক্ষ পরস্পরকে দোষারোপ করে আসছে।
একাত্তর/জো