ভারতে ভিন্ন ধর্মে বিয়ের কারণে প্রকাশ্য রাস্তায় যুবক খুন

মুসলিম নারীকে বিয়ের কারণে প্রকাশ্য রাস্তায় পিটিয়ে হত্যা করা হয়েছে এক হিন্দু যুবককে।

বৃহস্পতিবার (৫ মে) সন্ধ্যায় ভারতের হায়দরাবাদে এই খুনের ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ডয়েচে ভেলে।

জানা গেছে, ছোটবেলা থেকেই প্রেম নাগারাজু  আর আসরিন সুলতানার। মাস তিনেক আগে পরিবারের অমতে বিয়ে করে এই যুগল আলাদা থাকছিলেন।

ঘটনার দিন সন্ধ্যায় তারা বাইক নিয়ে বাইরে বের হন। মাঝ রাস্তায় তাদের বাইক আটকায় কয়েকজন যুবক।  

বাইক থেকে নামিয়ে লোহার রড দিয়ে নাগারাজুর মাথায় আঘাত করা হয়। এরপর ক্রমাগত নাগারাজুর মাথায় আঘাত করতে থাকে ওই যুবকরা।

তার মাথা সম্পূর্ণ থেতলে দেওয়া হয়। এরপর সকলের সামনে দিয়েই পালিয়ে যায় আততায়ীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় নাগারাজুর। 


এক ভিডিওতে দেখা যায়, সুলতানা একাই আক্রমণকারীদের সরানোর চেষ্টা করছেন। পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের কাছে সাহায্য প্রার্থনা করছেন। কিন্তু সাহায্য না করে তারা ছবি তুলতে থাকেন! 

সুলতানা পুলিশকে জানিয়েছেন, হিন্দু হয়ে কেন নাগারাজু তাকে বিয়ে করেছে, এই নিয়ে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে তাদের। ওই যুবকদের কেউ কেউ তার পরিচিত বলে সুলতানা জানিয়েছেন। আক্রমণকারীদের মধ্যে একজন তার ভাই বলেও শনাক্ত করেন তিনি। 

সবমিলিয়ে পাঁচজন আক্রমণ করেছিল বলে জানিয়ে হায়দরাবাদ পুলিশ বলেছে, আক্রমণকারীদের ধরতে বিশেষ তদন্ত দল তৈরি করেছে।


একাত্তর/জো