সৌদি বাদশাহ সালমান হাসপাতালে

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে সৌদি রয়্যাল কোর্ট এক বিবৃতিতে জানিয়েছে। 

রোববার (৮ মে) আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার (৭ মে) স্বাস্থ্য পরীক্ষার জন্য বাদশাহ সালমান জেদ্দায় বাদশাহ ফয়সাল বিশেষায়িত হাসপাতালে ভর্তি হন। 

বাদশাহর সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করে রয়্যাল কোর্টের বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র মসজিদের জিম্মাদারকে মহান সৃষ্টিকর্তা সুস্থতা দান করুন। 

তবে বাদশাহর শারীরিক অবস্থা সম্পর্কে এই বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

জানা গেছে, বাদশাহ সালমান ২০২০ সালে পিত্তথলির অস্ত্রোপচার করেছিলেন। এছাড়াও তার হার্টে পেসমেকার প্রতিস্থাপন করা আছে। 

উল্লেখ্য, বাদশাহ সালমান বিন আব্দুলআজিজের বয়স ৮৬ বছর চার মাস। ১৯৩৫ সালের ৩১ ডিসেম্বর সৌদি রাজপরিবারে জন্মগ্রহণ করেন। ২০১৫ সালে সৌদি আরবের শাসক হন তিনি। 


একাত্তর/জো