চেকপোস্টে হামলা, ১১ মিশরীয় সেনা নিহত

জিহাদি কার্যকলাপের কেন্দ্রস্থল সিনাই উপদ্বীপে সুয়েজ খাল অঞ্চলে ‘সন্ত্রাসী’ হামলা মোকাবিলার সময় চেকপোস্টে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে একজন অফিসার ও ১০ জন মিশরীয় সেনা সদস্য ছিলেন।

সেনাবাহিনীর মুখপাত্র ও নিরাপত্তাবাহিনীর একটি সূত্র বলছে, ওই ১১ জন হামলার সময় পানি সরবারহের একটি পাম্পের চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। খবর রয়টার্সের।

নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো জানায়, সন্ত্রাসীরা ট্রাক ভর্তি ভারী অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। দায়িত্বরত সেনারা এসময় তাদের সাথে লড়াই করে এবং ধাওয়া দেয়। তখন তারা একটি বিস্ফোরণ ঘটায়।

সেনাবাহিনী বলেছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে এবং সিনাইয়ের একটি বিচ্ছিন্ন এলাকায় সেনাবাহিনী তাদের ঘিরে রেখেছে। খালের পূর্ব তীরে লড়াইয়ে ৫ সৈন্য আহত হয়েছে।

প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ফেসবুকে বলেছেন, সন্ত্রাসীদের হামলা কারণে সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য দেশ ও সেনাবাহিনীর সংকল্প পরাজিত হবে না।

ওয়াশিংটন মিশরীয় সামরিক বাহিনীর সদস্যদের লক্ষ্য করে সিনাইয়ে সন্ত্রাসী হামলার নিন্দা এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেছেন, কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র এ অঞ্চলে সন্ত্রাসবাদের মোকাবিলায় মিশরের শক্তিশালী অংশীদার ছিল এবং রয়ে গেছে।

মিশরের সিনাই উপদ্বীপ গত এক দশকেরও বেশি সময় ধরে সশস্ত্র বিদ্রোহের কবলে পড়েছে, যা ২০১৩ সালে প্রয়াত ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে তীব্র হয়ে উঠে।

আরও পড়ুন: অচেনা ইভার গানে বুঁদ হয়েছে পাকিস্তানের তরুণরা

২০১৮ সালের ফেব্রুয়ারিতে, সেনাবাহিনী ও পুলিশ উত্তর সিনাইকে কেন্দ্র করে জঙ্গিদের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান শুরু করে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, অভিযান শুরুর পর থেকে এক হাজারেরও বেশি সন্দেহভাজন জঙ্গি ও কয়েক ডজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছে।


একাত্তর/আরএ