পূর্ব ইউক্রেনের ইজিয়াম শহরে রুশ সেনাদের বিরুদ্ধে পাল্টা
হামলা শুরু করেছে ইউক্রেনীয় বাহিনী। এরমধ্যেই
ডনবাস,ক্রিমিয়াসহ হাতছাড়া এলাকা দখলে সামরিক শক্তি জোরদারের ঘোষণা দিয়েছে কিয়েভ।
এদিকে ইউক্রেনের প্রতি সংহতি জানাতে কিয়েভ সফর করেছেন মার্কিন সিনেটের একটি দল। এছাড়া আজভস্তালে আটকে পড়াদের উদ্ধারে চীনের সহায়তা চেয়েছেন স্বজনরা।
মারিউপোলের আজভস্তাল ইস্পাত কারখানায় প্রতিরোধকারীদের বিরুদ্ধে অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী।
আত্মসমপর্ণের আহ্বান প্রত্যাখ্যান করায় গুরুতর আহতদের সরিয়ে নেয়া হুমকিতে পড়েছে। তাদের উদ্ধারে সহায়তায় চীনের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন স্বজনরা।
মস্কো জানায়, গত ২৪ ঘণ্টায় ডনবাসসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে কয়েক ডজন সামরিক স্থাপনায় আঘাত করেছে রুশ বাহিনী। নিহত হয়েছে অন্তত একশো ইউক্রেনীয়।
অব্যাহত রুশ হামলার মধ্যেই ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান বলেন, আগস্টের মধ্যে যুদ্ধ চরমে পৌঁছাবে। চলতি বছরই সরাসরি যুদ্ধ অনেকাংশে সমাপ্ত হবে। ডনবাস, ক্রিমিয়াসহ হাতছাড়া অঞ্চলগুলোতে সামরিক শক্তি বাড়ানো হবে বলেও জানান তিনি।
এরই মধ্যে পূর্ব ইউক্রেনে রুশ দখলে থাকা ইজিয়াম শহরে পাল্টা
আক্রমণ করেছে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী। দনবাস
অঞ্চল দখলে রুশ পরিকল্পনা বাস্তবায়নের পথে বড় আঘাত এটি। যা চাপ বাড়িয়েছে রুশ বাহিনীর উপর।
এ অবস্থায় ইউক্রেনের প্রতি সংহতি জানাতে কিয়েভ গেছেন আমেরিকার সিনেটররা। এ সময় রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা, মস্কোর উপর নিষেধাজ্ঞা জোরদারের আহ্বান জানান জেলেনস্কি।
প্রতিক্রিয়ায় পরমাণু শক্তিধর দুই রাষ্ট্রের মধ্যকার সম্পর্ককে যুক্তরাষ্ট্র গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছেন ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূত।