দু’দিন আগেই আমেরিকার টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় প্রাণ দিয়েছিলো ১৯ শিক্ষার্থীসহ ২১ জন।
এদের মধ্যে স্কুলটির শিক্ষক ইরমা গার্সিয়াও ছিলেন। তার মৃত্যুর পর শোকে কাতর স্বামী জো গার্সিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার স্থানীয় কোন এক সময়ে জো গার্সিয়া মারা যান। তার পরিবারের ধারণা স্ত্রীর মৃত্যুর ধাক্কা সামলাতে না পেরেই হৃদরোগে আক্রান্ত হয়েছেন জো। বলছেন, স্ত্রী ইরমাকে প্রচণ্ড রকম ভালোবাসতো জো। তিনি কিছুতেই ইরমার এমন মৃত্যু মেনে নিতে পারছিলেন না।
ডেবরা অস্টিন নামে ইরমার এক বোন জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই জো মারা গেছেন। তার ধারণা, স্ত্রীকে হারানোর কষ্ট সহ্য করতে পারেননি জো। সেই শোকের আঘাতেই তার মৃত্যু। ইরমার ভাইপো জন মার্টিনেজও টুইট করে একই কথা বলেছেন।
২৪ বছরের বিবাহিত জীবন ছিল ইরমা এবং জোয়ের। রয়েছে চারটি সন্তান। স্কুলে হামলা চলার সময় বাচ্চাদের বাঁচাতে গিয়েই মৃত্যু হয় ইরমা এবং ইভা মিরেলস নামে আরেক শিক্ষকের। ওই স্কুলটিতে প্রায় ছয়শ জন শিশু পড়াশুনা করতো।
হঠাৎ করে র্যামোস নামে এক বন্দুকবাজ সেই স্কুলে ঢুকে গুলি চালাতে শুরু করে। স্থানীয় সময় দুপুর নাগাদ ওই হামলার ঘটনা ঘটে।
সংবাদ সংস্থা এপির দাবি, গত এক দশকের মধ্যে আমেরিকায় হওয়া বন্দুকবাজের হামলার মধ্যে অন্যতম ভয়ংকর হামলা এটি।
আরও পড়ুন: পিকে হালদারকে আবারও তোলা হচ্ছে কলকাতার আদালতে
স্কুলে হামলা চালানোর আগে নিজের দাদিকেও গুলি করে ওই কিশোর। প্রকাশ্যে এসেছে হামলা চালানোর দু’ঘণ্টা আগেই র্যামোস একটি ক্ষুদে বার্তা। র্যামোসের মা মাদকাসক্ত ছিলেন। তার সঙ্গে প্রায়ই ঝামেলা হত র্যামোসের। বাড়ি এবং স্কুলে দুই জায়গাতেই তাকে হেনস্থা করা হত বলেও জানা গিয়েছে। তার পরিচিতদের মতে, অল্পতেই রেগে যেতো র্যামোস।
একাত্তর/আরএ