সরাসরি সংঘাতের বিষয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি

ইউক্রেনকে অত্যাধুনিক রকেট সিস্টেম ব্যবস্থাপনা সরবরাহ করার মার্কিন সিদ্ধান্তের সমালোচনা করে রাশিয়ার সাথে সরাসরি সংঘাতের ঝুঁকির বিষয়ে ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়েছে মস্কো।

বুধবার (১ জুন) ইউক্রেনকে রকেট ব্যবস্থা ও যুদ্ধাস্ত্র সরবরাহে মার্কিন সিদ্ধান্তের প্রেক্ষিতে রাশিয়ার পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হয় বলে এক প্রতিবেদনে জানায় রয়টার্স।

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ নভোস্তিকে বলেন, ইউক্রেনে দেওয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তাকে ‘তীব্র নেতিবাচকভাবে’ দেখছে মস্কো। 

এর আগে জানা যায়, ইউক্রেনকে উচ্চ ক্ষমতাসম্পন্ন রকেট সিস্টেম (এইচআইএমএআরএস) সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। এই রকেট সিস্টেমের মাধ্যমে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে সহজেই আঘাত হানতে পারবে ইউক্রেনীয় বাহিনী।

ওয়াশিংটন জানিয়েছে, সাম্প্রতিক সামরিক সহায়তা প্যাকেজের অন্তর্ভুক্ত করা হবে এই রকেট ব্যবস্থাকে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা জানান, ইউক্রেন আশ্বস্ত করেছে যে এইচআইএমএআরএস ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানো হবে না।

অস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘাতের সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে রিয়াবকভ বলেন, যেকোনো ধরনের অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা হলে তা এ ধরনের ঘটনার ঝুঁকি বাড়াবে। 

ওয়াশিংটনকে দোষারোপ করে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র সমাধান খোঁজার স্বার্থে কোনো কিছুই করছে না। বিশেষ সামরিক অভিযান শুরুর আগে থেকেই তাদের অবস্থান এমনই ছিল।


একাত্তর/জো