চীনের বেইজিংয়ে করোনার গণপরীক্ষার নির্দেশ

চীনে আবারও নতুন করে থাবা বসালো করোনা ভাইরাস। এবার সংক্রমণের বিস্ফোরণ ঘটেছে রাজধানী শহর বেইজিংয়ে। সেখানের একটি পানশালা থেকে সংক্রমণ ছড়ানোর খবর মিলতেই সবচেয়ে ঘনবসতির চাওয়াং জেলায় তিন দফা গণপরীক্ষার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

বেজিং প্রশাসন জানিয়েছে, গত শুক্রবার নতুন করে যে ১৬৬ জনের শরীরে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেছে, হয় তারা হেভেন সুপারমার্কেট পানশালায় গিয়েছিলেন, অথবা তাদের সঙ্গে ওই পানশালার কোনও যোগসূত্র ছিলো।

এই পানশালাটি চাওয়াং জেলায় অবস্থিত। সেই কারণে সোম থেকে বুধবার দিন দফায় জেলার সব বাসিন্দার করোনা পরীক্ষা করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে বেইজিং জুড়ে আরও কিছু স্বাস্থ্যবিধি জারি করা হয়েছে। আরোপ করা হয়েছে বিধিনিষেধও।

তবে চীনজুড়ে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর হিসাব বিশ্বের অনেক অঞ্চলের থেকে অনেক কম। তবে করোনার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করায় কোন সংক্রমণ ছড়ালেই কড়াকড়ি পদক্ষেপ নিচ্ছে দেশটি। এ কারণে বাণিজ্যিক প্রদেশ সাংহাই অনেক দিন অবরুদ্ধ ছিলো।

উল্লেখ্য, ২০১৯ সালে চিনের উহান প্রদেশে প্রথমবার কোভিড সংক্রমণের খবর মিলেছিল। পরে তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং মহামারীতে রূপ নেয়। পরে করোনা প্রতিরোধী টিকা আসার পর ভাইরাসটিতে নিয়ন্ত্রণে এসেছে বিশ্বের বেশিরভাগ দেশ।