ইউক্রেনে আমেরিকা ও ইউরোপ অস্ত্র বোঝাই দুইটি ভান্ডার
গুড়িয়ে দেয়ার দাবি করেছে রাশিয়া। রোববার দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রণ সংবাদ সংস্থা
ইন্টারফ্যাক্স এ খবর নিশ্চিত করেছে। বলেছে, ক্যালিব্রি মিসাইল হামলা চালিয়ে ওই দুটো
অস্ত্রভান্ডার মাটিয়ে মিশিয়ে দেয়া হয়েছে।
এছাড়া রাশিয়ার সামরিক বাহিনী মিকোলাইভ অঞ্চলে দুটি এমআইজি-২৯ বিমান এবং খারকিভ অঞ্চলে একটি এসইউ-২৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। তবে এনিয়ে কিয়েভের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইউক্রেনের টেরনোপিল অঞ্চলের গভর্নরও বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, কৃষ্ণ সাগর থেকে ছোড়া চোর্টকিভ শহরে রকেট হামলায় একটি সামরিক স্থাপনা আংশিকভাবে ধ্বংস হয়েছে। এতে ২২ জন আহত হয়েছে। তবে সেখানে কোনো অস্ত্র মজুত ছিল না।
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জন্য মস্কো বারবার আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর নিন্দা করে আসছিলো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ মাসের শুরুতে বলেন, পশ্চিমারা যদি অস্ত্র দেয়া বন্ধ না করে তাহলে ইউক্রেনের নতুন নতুন স্থানে হামলা চালানো হবে।
এদিকে, রুশ বাহিনীর অবস্থান লক্ষ্য করে দক্ষিণ দিকের অঞ্চল খেরসনে হামলা চালিয়েছে বলে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে। অভিযান শুরু করার পরপরই খেরসন দখল করে রাশিয়া। তবে এলাকাটি মুক্ত করতে এখনো লড়ছে ইউক্রেনের বাহিনী।
খেরসন অঞ্চলটি ক্রিমিয়ার সঙ্গে একদম লাগোয়া একটি অঞ্চল। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের যুদ্ধবিমান খেরসন অঞ্চলে শত্রুদের পাঁচটি ঘাঁটি, যুদ্ধ সরঞ্জাম এবং সেনা যান রাখার স্থান, এবং ফিল্ড ডিপোতে সিরিজ হামলা চালিয়েছে।