এভারেস্টের বেজ ক্যাম্প সরিয়ে ফেলার সিদ্ধান্ত

জলবায়ু পরিবর্তন ও মানুষের কর্মকাণ্ডের কারণে মাউন্ট এভারেস্টের বেজ ক্যাম্প অনিরাপদ হয়ে পড়ায় এটিকে সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে নেপাল।

এভারেস্ট বেজ ক্যাম্পটি খুম্বু হিমবাহে অবস্থিত, যেটি খুব দ্রুত গলে যাচ্ছে। প্রতি বসন্তে পর্বতারোহণের মৌসুমে প্রায় দেড় হাজার পর্বতারোহী এটি ব্যবহার করেন।

নেপালের পর্যটন বিভাগের এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, বর্তমান অবস্থানের তুলনায় সামান্য কম উচ্চতায় নতুন বেজ ক্যাম্প স্থাপন করা হবে, যেখানে সারাবছর বরফ থাকে না। 

নেপালে পর্যটন বিভাগের মহাপরিচালক তারানাথ অধিকারী জানান, বেজ ক্যাম্প স্থানান্তরের জন্য প্রস্তুতি নেয়া শুরু হয়েছে। শিগগিরই এ নিয়ে সব স্টেকহোল্ডারের সাথে আলোচনা শুরু হবে। 

পর্বতারোহণ ব্যবসাকে বাঁচিয়ে রাখাতে বেজ ক্যাম্পের ক্রমাগত পরিবর্তনশীল অবস্থার সাথে মানিয়ে নেয়ার জন্য এই পদক্ষেপ নেয়া জরুরি হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি। 

আরও পড়ুন: বিশ্বে করোনায় আক্রান্ত আরও ৫ লাখ ৬০ হাজার

বর্তমান বেজ ক্যাম্পটি পাঁচ হাজার ৩৬৪ মিটার উচ্চতায় অবস্থিত। নতুন ক্যাম্পটি এর চেয়ে দুইশ' থেকে চারশ' মিটার নিচে অবস্থিত হবে। 

হিমবাহের গলে যাওয়া বরফ এটিকে অস্থিতিশীল কর তোলে বলে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন। পর্বতারোহীরাও জানিয়েছেন, তারা রাতে ঘুমানোর সময় হিমবাহে নতুন নতুন চিড় ধরে। 

হিমালয়ের খুম্বু হিমবাহটি বছরে এক মিটার করে গলে যাচ্ছে বলে ২০১৮ সালের এক গবেষণায় উঠে আসে। এটিতে প্রতি বছর ৯৫ লাখ ঘনমিটার বরফ গলে পানি হয়ে যায় বলে বিজ্ঞানীদের ধারণা। 


একাত্তর/এসজে