পশ্চিমারা এখনও বাকিদের উপনিবেশ হিসেবে দেখে: পুতিন

পশ্চিমা রাষ্ট্রগুলো পৃথিবীর অন্যান্য দেশকে এখনও উপনিবেশ হিসেবে দেখে বলে মন্তব্য করেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

শুক্রবার (১৭ জুন) সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের সম্মেলনে দেয়া বক্তৃতায় তিনি বলেন, পশ্চিমা দেশগুলো এখনও গত শতাব্দীর চিন্তাধারায় পড়ে আছে। তাদের মতে যেসব দেশ 'ভুল' তাদেরকে তারা একঘরে বা নিষিদ্ধ করে রাখার চেষ্টা করে। 

মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে পুতিন বলেন, পৃথিবীতে যে আরও শক্তিশালী দেশ আছে তা দেখেও না দেখার ভান করে যুক্তরাষ্ট্র। 

ইউক্রেন আক্রমণের প্রেক্ষিতে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে 'উন্মাদ ও হঠকারী' বলে মন্তব্য করে পুতিন বলেন, এসব নিষেধাজ্ঞার মাধ্যমে মস্কোকে ভাঙতে ব্যর্থ হয়েছে পশ্চিমারা। শুরু থেকেই এসব নিষেধাজ্ঞার সফল হওয়ার কোনো সম্ভাবনা ছিল না বলে মন্তব্য করেন তিনি। 

এদিকে ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী দেখা দেয়া খাদ্য সংকট মোকাবেলায় রাশিয়ার শস্য ও সারের রপ্তানি বৃদ্ধির সক্ষমতা রয়েছে বলে জানান পুতিন। 

আরও পড়ুন: নতুন বিমানবাহী রণতরী উদ্বোধন করলো চীন

তিনি বলেন, রাশিয়া প্রায় ৫০ মিলিয়ন টন খাদ্যশস্য রপ্তানি করতে পারে। তবে মস্কো ইউক্রেনকে খাদ্য রপ্তানি করতে বাধা দিচ্ছে, এমন অভিযোগকে নাকচ করে দেন তিনি। সেইসাথে নতুন নতুন রুটের মাধ্যমে গ্যাস রপ্তানি বৃদ্ধি করার ব্যাপারেও আশা প্রকাশ করেন তিনি। 

বক্তৃতার শেষে পুতিন বলেন, 'বর্তমান সময়ের সুযোগ ব্যবহার করে আমরা আরও শক্তিশালী হয়ে উঠবো। শক্তিশালী সার্বভৌম রাষ্ট্রগুলোই নতুন বিশ্ব ব্যবস্থার নিয়ম ঠিক করবে। আর বাকিরা অধিকারহীন উপনিবেশ হিসেবেই রয়ে যাবে।' 


একাত্তর/এসজে