আমেরিকাতে বন্দুকবাজির ভয়াবহ চিত্র তুলে ধরেছে দেশটির জাতীয় একটি সংস্থা।
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা পরিসংখ্যান রাখতেই চালু আছে একটি সংস্থা। সেই সংস্থার সবশেষ
যে হিসাব প্রকাশ করেছে, তাতে আঁতকে উঠার মতো তথ্য বেরিয়েছে।
যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা আর্কাইভস ওয়েবসাইটের প্রকাশিত রিয়েল-টাইম ডেটা অনুসারে, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের সময় ১৬ জুন থেকে ১৮ জুন বিকেলে ৪টা পর্যন্ত, গোটা দেশে মোট ১০০টি গোলাগুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৬ জুন কমপক্ষে ৮৬টি ঘটনা ঘটেছে।
গেলো বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ইলিনয়ের শিকাগোতে একাধিক গুলির ঘটনা ঘটেছে। এতে ১১ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একটি তিন বছরের শিশু রয়েছে। যখন গুলি শুরু হয়- মেয়েটি তখন গাড়িতে ছিল। গুলি গাড়ির দরজা ভেদ করে শিশুটির পায়ে লাগে।
তবে সৌভাগ্যক্রমে তার জীবন বিপন্ন হয়নি। স্থানীয় মিডিয়ার প্রতিবেদনে বলা হয়, শিকাগোতে আগের দিন একটি গুলির ঘটনায় ১১জন গুলিবিদ্ধ হয় এবং এর মধ্যে পাঁচ জন মারা গেছে।
একই দিনে নিউইয়র্কে কয়েক ঘণ্টায় আটটি গুলির ঘটনা ঘটেছে। এর ফলে ৯ জন গুলিবিদ্ধ হয়। এর মধ্যে একজন মারা গেছে।
আরকানসাস রাজ্যে একটি দুই বছর বয়সী একটি ছেলে ও তার মাকে গুলি করা হয়। ছেলেটি দুঃখজনকভাবে মারা যায়। তবে, হাসপাতালে নেয়ার পর তার মা বেঁচে যায়।
একাত্তর/এসএ