কৃষ্ণসাগরে অবস্থিত ইউক্রেনীয় দ্বীপ স্নেক আইল্যান্ডের দখল ছেড়ে পিছু হটেছে রাশিয়ান সেনারা।
বৃহস্পতিবার (৩০ জুন) এক বিবৃতিতে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘মঙ্গল কামনার সংকেত হিসেবে রাশিয়ার সেনারা আজ স্নেক আইল্যান্ডে কাজ শেষ করেছে এবং সেখানে অবস্থিত গ্যারিসন প্রত্যাহার করেছে।’
তারা আরও জানায়, জানায়, রাশিয়া যে ইউক্রেনের বাইরে কৃষি পণ্য রপ্তানি করার জন্য একটি মানবিক করিডোর তৈরিতে জাতিসংঘের প্রচেষ্টাকে বাধা দিচ্ছে না, মস্কোর এই পদক্ষেপ তারই প্রমাণ।
স্নেক আইল্যান্ড থেকে রুশ সেনা প্রত্যাহারের খবর নিশ্চিত করেছে ইউক্রেনও। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান আন্দ্রি ইরমাক বলেন, স্নেক আইল্যান্ডে আর কোনো রুশ সেনা নেই।
এক টুইট বার্তায় তিনি লেখেন, একটি গুরুত্বপূর্ণ কাজ করেছে আমাদের সশস্ত্র বাহিনী। এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজেদের সেনা প্রত্যাহারের কথা উল্লেখ করে জানায়, 'সেখানকার কাজ সম্পন্ন করেছে রুশ সেনারা।
ইউক্রেন আক্রমণের শুরু থেকেই স্নেক আইল্যান্ডকে টার্গেট বানিয়েছে রাশিয়া। কৃষ্ণ সাগরে ইউক্রেনের অতিক্ষুদ্র দ্বীপ জিমিনি (স্নেক আইল্যান্ড)। যুদ্ধে কৌশলগত অবস্থানের কারণে এই দ্বীপের ওপর নিয়ন্ত্রণ পেতে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলে।
একাত্তর/এসজে