শিনজো আবেকে শেষ বিদায় জানাচ্ছে জাপান

আততায়ীর গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন জাপানের বিভিন্ন স্তরের হাজার হাজার মানুষ। 

মঙ্গলবার (১২ জুলাই) টোকিওর জোজোজি মন্দিরে শিনজো আবের শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে। এ অনুষ্ঠানে শুধুমাত্র শিনজো আবের ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়স্বজন যোগ দিতে পারবেন। 

তবে সকাল থেকে কালো পোশাক পরে মন্দিরের বাইরে হাজির হয়েছেন অসংখ্য সাধারণ মানুষ। এদের মধ্যে অনেকেই টোকিওর বাইরে থেকে এসেছেন।  

শেষকৃত্য অনুষ্ঠানের পর শিনজো আবেকে বহনকারী শবযানটি টোকিও শহরের ভেতর দিয়ে অগ্রসর হবে। এসময় শবযানটি শহরের বিভিন্ন ল্যান্ডমার্ক স্থাপনার সামনে দিয়ে যাবে, যার মধ্যে রয়েছে জাপানের পার্লামেন্ট ভবন যেখানে ১৯৯৩ সালে আবে একজন আইনপ্রণেতা হিসেবে প্রথম প্রবেশ করেন। 


এর আগে সোমবার মোমবাতি জ্বালিয়ে ও  ফুল দিয়ে শিনজো আবের প্রতি শ্রদ্ধা জানান জাপানের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সাধারণ নাগরিকেরা। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের সবচেয়ে দীর্ঘকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন শিনজো আবে। 

আরও পড়ুন: লঙ্কান প্রেসিডেন্ট পদে লড়তে চান বিরোধী নেতা প্রেমাদাসা

উল্লেখ্য, শুক্রবার (৮ জুলাই) জাপানের নারা শহরে এক নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার সময় বন্দুকধারীর গুলিতে নিহত হন শিনজো আবে। স্বাস্থ্যগত কারণে ২০২০ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেও, মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন জাপানের একজন অন্যতম প্রভাবশালী রাজনীতিবিদ। 

তাকে হত্যাকারী তেৎসুয়া ইয়ামাগামি দাবি করেছেন, যেই ধর্মীয় গোষ্ঠীর কারণে তার মা দেউলিয়া হয়ে গিয়েছিলেন, শিনজো আবে সেই গোষ্ঠীর সাথে সম্পর্কিত থাকার কারণে শিনজো আবের ওপর হামলা করেন তিনি। 


একাত্তর/এসজে