বিমানবন্দরে বাধার মুখে পালাতে পারলেন না বাসিল

গণবিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা থেকে পালাতে গিয়ে ব্যর্থ হয়েছেন রাজাপাকসে পরিবারের আরও এক সদস্য। রাজধানী কলম্বোর বিমানবন্দর কর্মীদের প্রতিরোধের মুখে দেশ ছাড়তে পারেননি শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী ও প্রেসিডেন্ট গোতাবায়ার ভাই বাসিল রাজাপাকসে। 

মঙ্গলবার (১২ জুলাই) ভোররাত সাড়ে তিনটায় তাঁর দুবাই যাওয়ার কথা ছিল। কিন্তু তাকে বাধ্য হয়ে ফিরতে হয়েছে। কারণে বিমানবন্দরেই তিনি বিক্ষোভের মুখে পড়েন। সেখানকার কর্মীরা তাঁর দেশ ত্যাগে বাধা দেন। পরিস্থিতি বেগতিক দেখে বাসিল বিমানবন্দর থেকে চলে যান। 

সাবেক অর্থমন্ত্রী ও সংসদ সদস্য বাসিল রাজাপাকসের আমেরিকান নাগরিকত্বও রয়েছে। তিনি দুবাই হয়ে আমেরিকাতে চলে যাবার পাঁয়তারা করছিলেন। কিন্তু বিমানবন্দরের কর্মীরা বিক্ষোভ শুরু করার পর কর্মকর্তারাও বাসিলের দেশত্যাগে বাধা দেন। 


কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরের সিল্ক রুট প্যাসেঞ্জার ক্লিয়ারেন্স টার্মিনাল দিয়ে দেশত্যাগ করতে চেয়েছিলেন বাসিল। কিন্তু যাত্রীদের বিক্ষোভের মুখে বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তারা তাকে দেশত্যাগ করতে দেয়নি।

আরও পড়ুন: লঙ্কাতেই আছেন গোতাবায়ে, সই করেছেন পদত্যাগপত্রে

বাসিল রাজাপাকসে মধ্যরাত ১২টায় বিমানবন্দরের সিল্ক রুট প্যাসেঞ্জার ক্লিয়ারেন্স টার্মিনাল পৌঁছেন। তার ফ্লাইটটি রাত সাড়ে তিনটায় ছেড়ে যাবার কথা ছিলো। কিন্তু কর্মকর্তারা তার দেশত্যাগের অনুমতি দেননি। এমনকি তারা টার্মিনালের কার্যক্রমও বন্ধ করে দেয়। 

শ্রীলঙ্কা ইমিগ্রেশন অফিসার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, সংস্থার সদস্যরা বাসিল রাজাপাকসেকে ভিআইপি বহির্গমন লাউঞ্জে সেবা দিতে অস্বীকৃতি জানিয়েছে। লঙ্কার অস্থিতিশীল পরিস্থিতিতে ইমিগ্রেশন কর্মকর্তারা কোনো শীর্ষ ব্যক্তিকে দেশ ছেড়ে না যেতে দেয়ার প্রচণ্ড চাপে আছেন।


একাত্তর/এসজে