জরুরি অবস্থা জারি হলো বিক্ষুব্ধ শ্রীলঙ্কায়। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালানোর পরপরই এ ঘোষণা আসে। পাশপাশি দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশে জারি করা হয়েছে কারফিউ।
স্থানীয় সময় বুধবার (১৩ জুলাই) লঙ্কান প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের মুখপাত্র দিনুক কলম্বেজ বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, প্রেসিডেন্ট দেশের বাইরে থাকায় দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।
পুলিশ বলেছে, পশ্চিম প্রদেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। যার মধ্যে রাজধানী কলম্বো রয়েছে। রাজাপাকসে সামরিক বিমানে মালদ্বীপে যাওয়ার পরে ক্রমবর্ধমান বিক্ষোভ নিয়ন্ত্রণে রাখতে এ সিদ্ধান্ত।
একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেছেন, কলম্বোতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে বিক্ষোভ চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমাদের কারফিউ দরকার।
এদিকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে একটি সামরিক বিমানে তিনি মালদ্বীপ গেছেন বলে জানা গেছে।
অভিবাসন কর্মকর্তারারা জানিয়েছেন, পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের মুখে গোতাবায়া দেশ ছেড়েছেন।
এর আগে অর্থনৈতিক সংকটে পড়ে দেশটি। গত মার্চ থেকে শ্রীলঙ্কায় চলছে সরকারবিরোধী বিক্ষোভ। শনিবার (৯ জুলাই) শত শত বিক্ষোভকারী প্রেসিডেন্ট গোতাবায়ার বাসভবনে ঢোকে। এরপর এদিন রাতে পদত্যাগের ঘোষণা দেন গোতাবায়া। ঘোষণা অনুযায়ী বুধবার (১৩ জুলাই) তার পদত্যাগের কথা। এর আগে তিনি দেশ ছাড়লেন।
স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, এরইমধ্যে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করতে মাঠে নেমেছে দেশের নিরাপত্তাবাহিনী। সেনা টহলের পাশপাশি হেলিকপ্টারও যুক্ত হয়েছে এ কাজে।
একাত্তর/আরবিএস