দক্ষিণ আফ্রিকার দুই প্রদেশে আলাদা বন্দুক হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। হামলাকারীদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার রাতে থেম্বেলিহলে ও ওয়েস্টার্ন কেপে এসব হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, জোহানেসবার্গের দক্ষিণ থেম্বেলিহলে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল লোক রাস্তার পাশে খেলছিল, এ সময় তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে চারজন নিহত হন এবং দু'জন আহত হন।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ওই হামলায় চারজন লোক ঘটনাস্থলেই মারা যান। এছাড়া গুলিবিদ্ধ আরও দুইজনকে হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন: বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে আহত চার
স্থানীয় পুলিশ কমিশনার ইলিয়াস মাওলা শোক প্রকাশ করে জানান, এটি একটি ভয়াবহ ঘটনা। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।
এদিকে থেম্বেলিহেলে আলাদা ঘটনায় ৩৬ বছর বয়সী আরেক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। হামলার কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি প্রশাসন। তবে নিহত ব্যক্তির মোবাইল ও সাইকেল ছিনতাই হয়েছে।
অন্যদিকে ওয়েস্টার্ন কেপ প্রদেশের খায়েলিতশা শহরে শনিবার রাতে তিনটি খুনের ঘটনা ঘটে। তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।
একাত্তর/আরবিএস