বিশ্বাসঘাতকতার অভিযোগে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা-এসবিইউর প্রধান ইভান বাকানভ ও প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেডিক্টোভাকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সোমবার (১৮ জুলাই) বিবিসির প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাধর সংস্থা দুইটিতে বিশ্বাসঘাতকতার বহু ঘটনার কথা উল্লেখ করে এই সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন তিনি।
জেলেনস্কির ভাষ্যমতে, ৬০ জনের বেশি সাবেক সরকারি কর্মচারী বর্তমানে রুশ-অধিকৃত এলাকায় ইউক্রেনের বিরুদ্ধে কাজ করছে।
রোববার এক ভিডিও বক্তৃতায় জেলেনস্কি বলেন, ‘রাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ভিত্তির বিরুদ্ধে এ ধরনের একের পর এক অপরাধ ঘটে যাওয়ায়... সংশ্লিষ্ট প্রধানদের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর প্রশ্ন উঠেছে।
‘এসব প্রশ্নের সঠিক উত্তর দেওয়া হবে’, যোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
তিনি আরও বলেন, আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বিরুদ্ধে মোট ৬৫১টি রাষ্ট্রদ্রোহ ও দেশবিরোধীদের সহযোগিতার মামলা করা হয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, নিহত চার
বরখাস্ত করা এসবিইউ প্রধান ইভান বাকানভ জেলেনস্কির শৈশবের বন্ধু। এর আগে ক্রিমিয়ায় এসবিইউ এর আঞ্চলিক প্রধান ওলেহ কুলিনিচকে গ্রেপ্তার করা হয়। তাকে বিশ্বাসঘাতকতায় সন্দেহভাজন বিবেচনা করা হচ্ছে।