দোনেৎস্ক থেকে বেসামরিক নাগরিকদের সরে যেতে নির্দেশ

ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের বেশ কিছু এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

ওইসব এলাকায় যুদ্ধের তীব্রতা আরও বারতেপারে বলে শনিবার (৩০ জুলাই) গভীর রাতে কিয়েভ থেকে এক বক্তৃতায় তিনি হুঁশিয়ার করে দেন। 

তিনি বলেন, যত বেশি মানুষ এখন দোনেৎস্ক অঞ্চল ছাড়বেন, রাশিয়ান সেনাবাহিনী হত্যা করার জন্য তত কম মানুষ পাবে। 

ইতোমধ্যে দোনেৎস্ক অঞ্চলের একটি বড় অংশ রাশিয়ার দখলে চলে গেছে। তাদের অগ্রগতি ধীর হলেও, এই অঞ্চলে বেশ কিছু তীব্র সংঘর্ষ হয়েছে দুই বাহিনীর মধ্যে। 

জেলেনস্কি বলেন, 'যত বেশি সম্ভব জীবন বাঁচাতে ও রাশিয়ার হিংস্রতা সীমিত করতে আমরা সব সুযোগ ব্যবহার করবো। ' 

দোনেৎস্ক অঞ্চলে ৫০ ইউক্রেনীয় যুদ্ধবন্দির মৃত্যুর ব্যাপারে তদন্ত করতে জাতিসংঘ ও রেড ক্রসকে আহবান জানিয়েছে রাশিয়া। এর মধ্যেই এলো জেলেনস্কির এই নির্দেশ। 

ওলেনিভকার একটি কারাগারে ওই যুদ্ধবন্দিদের মৃত্যু হয়। কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা নিশ্চিত না হলেও, তাদের মৃত্যুর জন্য ইউক্রেন ও রাশিয়া একে অপরকে দোষারোপ করছে। 

একাত্তর/এসজে