নারী হেনস্তা: গুড়িয়ে দেয়া হলো বিজেপি কর্মীর বাড়ি

প্রতিবেশী এক নারীর চরিত্র নিয়ে খারাপ মন্তব্য করায় শাস্তি হিসেবে এক বিজেপিকর্মীর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে উত্তরপ্রদেশের স্থানীয় প্রশাসন।

সোমবার এ খবর জানা গেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।

উত্তরপ্রদেশে সরকারের ‘বুলডোজার নীতি’ নতুন ঘটনা নয়। যোগী সরকারের দ্বিতীয় মেয়াদে সোমবার (৮ আগস্ট) ওই বুলডোজারের মুখোমুখি হতে হলো এক বিজেপিকর্মীকেও। এর আগে নয়ডার ওই বিজেপিকর্মীর বিরুদ্ধে আবাসনের ভেতরে বেআইনি দখল এবং নির্মাণের অভিযোগ এনেছিলেন স্থানীয় লোকজন।

শুক্রবার এ নিয়ে সেখানকার লোকজনে সঙ্গে আলাপ চলাকালে এক নারীকে হেনস্তা করেন ওই বিজেপি কর্মী। এই ঘটনায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। পরে নয়ডার পুলিশ তার বিরুদ্ধে গ্যাংস্টার আইনেও অভিযোগ দায়ের করে। এই আইনে অভিযুক্তের বাড়ি ভাঙতে পারে প্রশাসন।

দ্বিতীয় বার ক্ষমতায় আসার আগে থেকেই অপরাধীদের শাস্তি দিতে বুলডোজার ব্যবহার করা শুরু করেছে যোগী সরকার। প্রথমে বেআইনি নির্মাণ ভাঙার কাজে ব্যবহার করা হলেও পরে অপরাধীদের ‘শাস্তি’ দিতেও ব্যবহার শুরু হয় বুলডোজারের।

গত মার্চে যোগী সরকার দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর তার সমর্থকদের পাশাপাশি বিরোধী শিবিরেও তার নাম হয়ে যায় ‘বুলডোজারওয়ালা’। যেখানে সমর্থকরা যোগীর বুলডোজারকে ‘দুষ্টের দমন’ হিসেবে প্রচার করতে শুরু করেছেন সেখানে বিরোধীদের পাল্টা দাবি ছিল অপছন্দের তালিকা কমিয়ে আনতেই ব্যবহার করা হচ্ছে বুলডোজার।


একাত্তর/এসএ