ট্রানজিট ফি না দেয়ায় ইউরোপে তেল সরবরাহ বন্ধ করলো ইউক্রেন

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার জ্বালানি তেলের পাইপলাইনের ট্রানজিট ফি নিতে পারছে না ইউক্রেন। আর এ কারণেই এবার ইউরোপে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে জেলনস্কি সরকার। 

বার্তা সংস্থা রয়টার্স বলছে, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পাইপলাইন কোম্পানি ট্রান্সনেফ্ট মঙ্গলবার এ কথা জানিয়েছে। 

এদিকে ইউক্রেনের এমন সিদ্ধান্তের ফলে এরইমধ্যে তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়ায়। এসব দেশ রুশ জ্বালানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। শীতের আগেই বিপাকে পড়েছে দেশগুলো।   

হাঙ্গেরিয়ান এনার্জি ফার্ম এমওএল এবং স্লোভাক পাইপলাইন অপারেটর ট্রান্সপেট্রোল নিশ্চিত করেছে যে, ট্রানজিট ফি প্রদানের জটিলতার কারণে কয়েক দিন ধরে প্রবাহ বন্ধ করা হয়েছে।

এমওএল বলেছে, তারা বেশ কয়েক সপ্তাহ ধরে জ্বালানি সংগ্রহ করেছে এবং সমস্যা সমাধানের জন্য কাজ করছে। সম্ভাব্য ট্রানজিট ফি প্রদানের বিষয়ে ইউক্রেন এবং রাশিয়ান অংশীদারদের সাথে আলোচনা শুরু করা হবে বলেও জানায় সংস্থাটি।

রাশিয়ার তেলের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল দেশগুলোর মধ্যে হাঙ্গেরি একটি এবং দেশটির সরকার মস্কোর উপর ইউরোপীয় ইউনিয়নের ব্যাপক নিষেধাজ্ঞা কমাতে লবিং করছে।

অন্যদিকে চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়ায়ও দ্রুত এ সমস্যার সমাধান চায়। এরইমধ্যে কূটনৈতিক আলোচনাও শুরু করেছে দেশগুলো।  

আরও পড়ুন: করোনায় বিশ্বজুড়ে দৈনিক শনাক্ত ও মৃত্যু বেড়েছে

উল্লেখ্য, রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক এবং নেতৃস্থানীয় গ্যাস রপ্তানিকারক দেশ। ইতিমধ্যেই নর্ড স্ট্রিম-১ পাইপলাইনে টারবাইন রক্ষণাবেক্ষণের সমস্যার পাশাপাশি কিছু ক্রেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞার উল্লেখ করে অনেক ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে মস্কো। এতে আসন্ন শীতের আগেই জ্বালানি নিয়ে বিপাকে পড়েছে ইউরোপ। 


একাত্তর/আরবিএস