মিশরের দক্ষিণাঞ্চলীয় আসওয়ান প্রদেশে একটি মাইক্রোবাস ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে বেশি কয়েকজন।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বুধবার (১০ আগস্ট) সন্ধ্যায় আসওয়ান-কায়রো কৃষি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আসওয়ান অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষের ব্যবস্থাপক মোহাম্মদ আল-দিখিলি জানান, মাইক্রোবাসে থাকা সমস্ত যাত্রী নিহত হয়েছেন। মাইক্রোবাসের দ্রুতগতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা তার।
আরও পড়ুন: বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ১৩টি অ্যাম্বুলেন্সে করে আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা চলছে। নিহতদের পরিচয় নিশ্চিত করতেও কাজ করছে কর্তৃপক্ষ।
রাস্তার দুর্বল অবকাঠামো, রক্ষণাবেক্ষণের অভাব এবং ট্রাফিক আইন মেনে না চলার কারণে মিশরে সড়ক দুর্ঘটনা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
যদিও শেষ কয়েক বছর ধরে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে নতুন রাস্তা ও সেতু নির্মাণ করছে দেশটি।
একাত্তর/আরবিএস