প্রয়াত ভারতীয় শেয়ার বাজারের ‘বিগ বুল’ রাকেশ

ভারতের বিশিষ্ট শিল্পপতি ও স্টক ব্রোকার রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন। রোববার (১৪ আগস্ট) ভোরে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে নেয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ভারতের শেয়ার বাজারের ‘বিগ বুল’ বলা হতো তাঁকে। পুঁজিবাজারে বিনিয়োগ করে বহু সম্পত্তির মালিক হয়েছিলেন রাকেশ। মাত্র ৬২ বছর বয়সে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশটিতে।

রোববার ভোরে গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসাপাতেল আনা হয় রাকেশকে। সেখানে সকাল ৬ টা ৪৫ মিনিটে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। 

ওই হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, ঝুনঝুনওয়ালা ডায়াবেটিস এবং কিডনির সমস্যায় ভুগছিলেন।

রাকেশ ঝুনঝুনওয়ালাকে বলা হতো ভারতীয় শেয়ার বাজারের অঘোষিত রাজা। বলা হয়, তিনি শেয়ার বাজারে বিনিয়োগে কখনওই ভুল করতেন না।

কয়েক দিন আগে তিনি একটি জুতো সংস্থার শেয়ার কিনেছিলেন, সেটিও কয়েক দিনের মধ্যে সর্বোচ্চ দরে পৌঁছে যায়। এক দিনে তিনি লাভ করেন ২২১ কোটি টাকা।

শেয়ার বাজারে বিনিয়োগ করে লাভ এবং সম্পত্তির পরিমাণের জন্য তাঁকে বলা হত ভারতের ‘ওয়ারেন বাফেট’। মহামারিকালেও রাকেশের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছিল।

রাকেশের দালাল স্ট্রিটে যাত্রা শুরু ১৯৮৫ সালে, মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে। ফোর্বসের দেওয়া হিসেব অনুযায়ী তাঁর সম্পত্তির মোট পরিমাণ পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার। 

আরও পড়ুন: দিল্লিতে আবারো মাঙ্কিপক্স, আক্রান্ত আফ্রিকান নারী

গত ৭ আগস্ট যাত্রা শুরু করেছে তাঁর এয়ারলাইন্স ‘আকাশ এয়ার’। যাত্রা শুরুর এক সপ্তাহের মধ্যেই প্রয়াত হলেন রাকেশ।

১৯৬০ সালের ৫ জুলাই হায়দরাবাদের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম রাকেশের। পরে তাঁর বেড়ে ওঠা মুম্বইয়ে। কলেজে পড়ার সময়েই রাকেশের আগ্রহ ছিল স্টক মার্কেট নিয়ে।


একাত্তর/এসজে