সিরিয়ায় গোলাবর্ষণে ২১ বেসামরিক নাগরিক নিহত

তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলে সর্বশেষ ছড়িয়ে পড়া সহিংসতায় আলাদা গোলাবর্ষণে শিশুসহ কমপক্ষে ২১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। 

শুক্রবার (১৯ আগস্ট) কুর্দি কর্তৃপক্ষ ও যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি।

আধা-স্বায়ত্বশাসিত কুর্দি কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, তুরস্কের একটি ড্রোনের সাহায্যে ভোরে উত্তরপূর্বাঞ্চলের হসাকেহ’র কাছের শমুকা এলাকায় অবস্থিত ‘কিশোরি মেয়েদের একটি প্রশিক্ষণ কেন্দ্রে’ গোলাবর্ষণ করা হয়। এতে চার শিশু নিহত ও ১১ জন আহত হন।

ব্রিটেনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস এসব মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

ওই সংস্থা জানায়, আঙ্কারার অনুগত সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা আল-বাব শহরের একটি জনবহুল বাজারে সরকারপন্থী বাহিনীর কামান হামলায় ছয় শিশুসহ ১৭ বেসামরিক নাগরিক নিহত ও ৩৫ জন আহত হয়েছে। এলাকাটি তুরস্ক সমর্থিত কুর্দি বিদ্রোহীদের দ্বারা নিয়ন্ত্রিত।

উত্তর ও উত্তরপূর্বাঞ্চলের কিছু অংশ যুক্তরাষ্ট্রের সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এর নিয়ন্ত্রণে রয়েছে। কুর্দি গোষ্ঠীগুলোর নেতৃত্বাধীন এসডিএফ সিরিয়ার দামেস্কভিত্তিক সরকারের সঙ্গে আলোচনারত আছে। 

আরও পড়ুন: সোমালিয়ায় হোটেলে আল-শাবাবের হামলা, নিহত ১০

সম্প্রতি সিরিয়ার বিরোধীদলগুলোকে সরকারের সঙ্গে বিরোধ মিটিয়ে ফেলার আহ্বান জানিয়েছে তুরস্ক। এর প্রতিক্রিয়ায় আল বাবের আন্দোলনকারীরা ‍শুক্রবার জুমার নামাজের পর প্রতিবাদ আয়োজনের পরিকল্পনা করেছিল।

কিন্তু রকেট হামলার পর আরও সহিংসতার আশঙ্কায় তারা ওই প্রতিবাদ বিক্ষোভের পরিকল্পনা বাতিল করে।


একাত্তর/এসজে